barak valley লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
barak valley লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৮ জুলাই, ২০২১

গ্রামের নিকাশি ব্যবস্থা : একটি পর্যালোচনা

 







গ্রামে এক সময় জল নিষ্কাশন ব্যবস্থা খুব সুন্দর ছিল। মানুষের স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে একটি ছিল এই ব্যবস্থা করা ও তার পরিচর্যা করা। প্রতিটি গ্রামে আমরা যে সব নালা দেখি তার বেশির ভাগ মানুষের তৈরি। শাসকরাও খুব গুরুত্ব দিতেন এই ব্যাপারে। কিন্তু যখনই মানুষ সরকার নির্ভর হতে শুরু করল তখন থেকেই বিপর্যয় নেমে এল। কারণ মানুষ এখন আর নিজেদের নালা নিজেরা পরিষ্কার রাখে না আর করেও না। আর সরকারি ব্যবস্থায় এতে এখন জোর নেই, কারণ মাটি ভরাট করলে হিসেবে প্রচুর গরমিল করা যায়, নিকাশি ব্যবস্থা ঠিক হয়ে গেলে এই কেলেঙ্কারির দরকার পড়বে না। এভাবে প্রচুর সরকারি পয়াসার অপচয় হচ্ছে, টিলা ধ্বংস করে জলাশয় ভরা হচ্ছে ও নিকাশি ব্যবস্থাকে পুরোপুরি নষ্ট করে দেওয়া হচ্ছে। এতে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসছে বা অনেকটা এসেই গেছে।

প্রাচীন ভারতের নিকাশি ব্যবস্থা বড় উন্নত ছিল। হরাপ্পা-মহেঞ্জোদারো তো এর উৎকৃষ্ট উদাহরণ। বৈদিক যুগেও রাজ্য বা গ্রামের কেন্দ্র বা পুরকে ঘিরে খাই খনন করা হত, এছাড়াও গ্রামের বা রাজ্যের সীমাকে ঘিরে খাই খনন করা হত। এতে জল নিষ্কাশন, জল সংরক্ষণ, জল সরবরাহ, জলপথ ও নিরাপত্তার ব্যবস্থা হয়ে যেত। নিরাপত্তা বলতে বহিঃশত্রু ও বন্যপ্রাণীর আক্রমণ প্রতিহত করার কথাই বলা হচ্ছে। কাছাড়ের বাঁশকান্দি গ্রামে এ ধরণের দুটি খাই আছে, যাদের নাম গড়খাই ও পুরখাই। পুরখাই নাম বদলে পইরখাইও (পরিখা?) বলা হয়। বরাক নদীর সঙ্গে বাদ্রি উপনদী বা মদ্রি ছড়াকে সংযুক্ত করেছিল গড়খাই। কোনও শাসকের সীমা ছিল এই গড়খাই। আর পুরখাইর মাঝখানে ছিল তাঁর বা তাঁদের সদর। এর পর বরাকের গতিপথ বদলে গেল, সৃষ্ট হল তিনটি আনুয়া। কালের স্রোতে হারিয়ে গেল সেই শাসককুল। জাতীয় সড়ক নির্মাণ করতে গিয়ে গড়খাইর সঙ্গে আনুয়ার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হল। পুরখাই প্রায় নিশ্চিহ্ন। সেই ইতিহাস বিলুপ্ত হয়ে গেছে অবহেলায়। এমন অনেক প্রাচীন নিকাশি ব্যবস্থা আজ প্রায় নিশ্চিহ্ন  হয়ে গেছে।

নতুনের আগ্রহে প্রাচীনকে অবহেলা ও অস্বীকার করে আমরা নিজেদের এক ভয়ঙ্কর অবস্থানে নিয়ে এসেছি। কিছু জিনিস যে শ্বাশ্বত হয়, চিরন্তন হয়, সে খেয়াল আমরা রাখি না। যার প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে অনেক মূল্য দিয়ে। তাই আজ চারদিকে জমা জল আর জনপদে হাহাকার। গত কয়েক দশক ধরে দেশ উন্নত হয়েছে নিঃসন্দেহে। কিন্তু তার সমান্তরালে উন্নয়নের সংজ্ঞায় এক গভীর ও দীর্ঘ ফাটল ধরেছে। ব্যক্তিগত লাভের চাকচিক্যে আমাদের দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। আর অস্পষ্ট দৃষ্টি নিয়ে আমরা সেই ফাটলের দিকেই এগিয়ে চলেছি। টেকসই উন্নয়নের কথা আন্তরিকভাবে যারা বলেন তাঁরা প্রায় একঘরে। বাকি সব ওই ফাটল বড় করার কাজই করছেন।

আমদের পঞ্চায়েত ব্যবস্থা গত কয়েক দশক ধরে নিকাশি ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে ফেলেছে। আগে মানুষ নিজেদের গলির কাজ নিজেরাই করত। এখন প্রত্যেকটি গলিকেই গাড়ি চলার উপযোগী করতে প্রস্থ বাড়ানো হয়েছে। এতে প্রত্যক্ষ শিকার হয়েছে নিকাশি ব্যবস্থা। একসময় কেউ খেয়াল করেনি যে গাড়ি চলতে হলে গলিটা জলে ডুবে থাকলে চলবে না। এখন গ্রামাঞ্চলের প্রায় প্রত্যেকটি গলিই জলমগ্ন থাকে বর্ষাকালে। আর এ নিয়ে ঝগড়া-বিবাদ-মামলা লেগেই আছে। নিকাশি ব্যবস্থা না থাকায় গলির উচ্চতা বাড়াতেই বাড়িগুলো জলমগ্ন হয়ে যায়। তাই জমাজল থেকে বাঁচতে বাড়ির উচ্চতা বাড়াতে হয়। বাড়িগুলো উঁচু হতেই আবার গলি ডুবে যায়, আবার গলিতে মাটি ভরানোর কাজ করতে হয়। এই অন্তহীন প্রক্রিয়া চলতেই আছে। গ্রামের গোপথ ভরে রাস্তা নির্মাণ করা হচ্ছে, যা একসময় গোবাদি পশুর চলাচল ও জল নিষ্কাশনের জন্য ব্যবহৃত হত।

পুর্ত বিভাগের আওতায় রয়েছে জাতীয় সড়ক ও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। আগে এই সড়কগুলোর পাশ থেকেই মাটি তুলে উচ্চতা বৃদ্ধি করা হত। ফলে রাস্তার দুপাশে বড় বড় নালা ছিল, যা জল নিষ্কাশন ও জল সংরক্ষণ ছাড়াও মাছের যোগান দিত। এখন তো রয়েছে সহজলভ্য টিলামাটি। এভাবে সড়কের প্রস্থ ও উচ্চতা বাড়িয়ে নিকাশি ব্যবস্থাকে হত্যা করা হয়েছে। গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকা ও বাজার এলাকা এখন পুঁতিগন্ধময় অস্বাস্থ্যকর। ফল-ফসল-মাছ উৎপাদন এখন কমে গেছে। ফলে রোজগার ও স্বাস্থ্য মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। এই প্রক্রিয়ার সহজ শিকার বরাকের আনাচে কানাচে থাকা অজস্র টিলা। গত এক দশকে টিলাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে। মাটি কাটায় নিষেধাজ্ঞা থাকলেও রাখে হরি মারে কে! পরিবেশের এত ক্ষতি করেও জমা জলের সমস্যা ক্রমেই বেড়ে চলেছে।

নতুন সরকার এখন নতুন বাণী নিয়ে এসেছে। পুরাতনকে চাপা দিয়ে প্রাচীনের দিকে হাত বাড়িয়ে এগিয়ে চলার চেষ্টা করছে। এই অবস্থায় প্রাচীন ভারতের নিকাশি ব্যবস্থার ঐতিহ্যকে গুরুত্ব না দিলে চলবে না। প্রাকৃতিক বা মানুষের তৈরি জলাশয় সংরক্ষণ ও খননের ব্যবস্থা করতে হবে। এগুলোকে অবৈধ দখলদারি থেকে মুক্ত করতে হবে। নতুন করে নিকাশি নালা খনন করতে হবে। সংকীর্ণ গলির নিচে হিউম পাইপ দিয়ে জল নিষ্কাশণের ব্যবস্থা করতে হবে। পুর্ত বিভাগের আওতায় থাকা সড়কের দুপাশে প্রশস্ত নালা খনন করতে হবে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় অর্থ সঠিকভাবে ব্যয় করতে হবে। খাস জমিগুলো যেন মানুষের লোভের শিকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

শনিবার, ৪ জুলাই, ২০২০

একটু নিজের কথাই বলি -- ২



একটু নিজের কথাই বলি – ২

আর দশটা শিশুর মত আমার ছাত্রজীবন শুরু হয়নি। আমার বাড়ির সদর দরজা আর বাঁশকান্দি এম ভি স্কুলের প্রবেশদ্বার ছিল একেবারেই মুখোমুখি। শুধু রাস্তাটাই পার হওয়া। তখন এটা জাতীয় সড়কও ছিল না, এখনকার গলির মত ছিল। সেই এত কাছের স্কুলে ভর্তি হলেও আমি সেখানে গিয়ে পড়তে পারিনি। আমার মা চাকরি করতেন। বাড়িতে আমার ছোট ভাইবোনের দেখাশোনা করা ছিল আমার দায়িত্ব। আগলে রাখা, দুপুরের খাবার খাওয়ানো ইত্যাদি। স্কুলে না গিয়েও আমার রোল নম্বর এক হয়ে যেত। এভাবে তৃতীয় শ্রেণীতে ওঠার পর বাড়িতে চিঠি এল আমার নাকি নাম কেটে দেওয়া হয়েছে। হেড পণ্ডিত নামর আলি বড়ভুঁইয়ার সামনে হাজির হলাম। অনুরোধ করলাম ভাই-বোনদের কথা বলে। কিন্তু তিনি জানিয়ে দিলেন, স্কুলে আসতেই হবে। সেই থেকেই স্কুল যাওয়া শুরু হল আমার। কিন্তু দুপুর হলেই ছুটে আসতাম বাড়িতে। একবার চিড়ে ভিজিয়ে রেখে গিয়েছিলেন মা। বাটির ঢাকনা খুলতেই কালো পিঁপড়ে আমার হাত মুখ সব ঘিরে ফেলল। কোনও ভাবেই এদের সরাতে পারছিলাম না। ভাই-বোন মুখ বেজার করে সেই দৃশ্য দেখছিল। রাগের মাথায় একটা বড় চামচ দুটুকরো করে ফেললাম। এর পর অনেক খুঁজে একজন কাজের মেয়ে পাওয়া গেল।

স্কুলের ছোট্ট মাঠে কাবাডি কোর্ট বানিয়েছিলাম আমরা। কিন্তু হাফ টাইমে সপ্তম শ্রেণীর ছাত্রীরা আমাদের মেরে সরিয়ে তারা খেলত। আমি, মইনুল, চয়ন, মাহমুদ, আমির হুসেন, আমির উদ্দিন, আক্তার মিলে ঠিক করলাম যেমন করেই হোক আমাদের কোর্টে এদের আর খেলতে দেওয়া যায় না। যেমন কথা তেমন কাজ। দায়িত্ব পেয়ে আমি কোদাল আনলাম বাড়ি থেকে। তারপর তছনছ হয়ে গেল কোর্টটি। হঠাৎ কে একজন একটা দারুণ বুদ্ধি দিল, ‘কিছু কাঁচ ফেলে দিলে কেমন হয়?’ তাই হল। পরদিন ধরাও পড়ে গেলাম। নীলমণি স্যার, ফজলু স্যার, মুক্তাদির স্যার, মইনুল স্যার মিলে হাত লাল করে ছাড়লেন। সব শুনে আব্বা শুধু বলেছিলেন, শাস্তি তো তোমার প্রাপ্য। আড়ালে গিয়ে মাকে বলেছিলেন, এক হাতে বিশটা করে বেত্রাঘাত বেশি হল না? মা বলেছিলেন, একটা শিক্ষা তো হল। আমারও মনে হয়েছিল কাজটা ভালো করিনি। কিন্তু আমার সঙ্গীরা বলত, আমাদের খেলার ব্যবস্থাটাও হল না, বেকার মার খেতে হল।

স্কুল আমার ভালোই লাগত। বাড়িতে কড়া শাসন ছিল। আমাদের বাড়ির মুখে একটা কাঁঠাল গাছ ছিল আমাদের লক্ষ্মণরেখা। এই গণ্ডির বাইরে যাওয়ার সাহস ছিল না আমাদের। আমার তো একটু বেশিই নিষেধ ছিল। বাবার সঙ্গে বাজার যাওয়া বা ছুটি পেলে আত্মীয়বাড়ি যাওয়া ছিল আমার বাইরে যাওয়া। এই কারণেই বোধ হয় স্কুলের প্রতি একটা টান ছিল। রবীন্দ্রনাথ কেন যে স্কুল পালাতেন তার কারণ আমি অনেক চেষ্টাতেও খুঁজে পেতাম না। ভাবতাম জানলা দিয়ে বাঁশকান্দি আনুয়ার জলের ঝিকিমিকি দেখার সুযোগ পেলে হয়ত তিনিও স্কুল পালিয়ে নদীতীরে গিয়ে বসতেন না।


এভাবেই কেটে গেল চতুর্থ শ্রেণী। বৃত্তি পরীক্ষা দিলাম শিলচরের কোন এক স্কুলে। মা আমাকে নিয়ে গেলেন রেহিমা আন্টির (বাবার মামাতো বোন) মধুরবন্দের ভাড়া বাড়িতে। তিনিও শিক্ষিকা ছিলেন। তাই আমার প্রস্তুতি হয়েছিল খুব। মাকে জিজ্ঞেস করেছিলাম, দোকানের সাইনবোর্ডে ‘লক্ষীপুর রোড’ কেন লিখা। জানলাম, এই পথেই নাকি বাদ্রিঘাট হয়ে লক্ষীপুর যাতায়াত ছিল। শহরের প্রাণকেন্দ্র নাকি এটাই ছিল। যাই হোক বসলাম পরীক্ষায়। গণিতে সব যেন গুলিয়ে ফেললাম। বৃত্তি পাওয়া আর হল না।

এম ভি স্কুল ছিল সপ্তম শ্রেণী পর্যন্ত। শিক্ষকদের আন্তরিকতাও ছিল। কিন্তু চতুর্থ শ্রেণীতে এক অজানা কারণে আমি পেছনে পড়ে যাই। পরে উত্তরপত্র পরীক্ষা করে আমার প্রথম স্থান বহাল হয়। বাঁশকান্দি নেনা মিয়া হাই স্কুলে (তখনকার) ভর্তি হলাম ক্লাস ফাইভে। দাদার হাত ধরে অনেক গল্প করতে করতে যাওয়া। দাদা এর আগে রামসুন্দর বালিকা বিদ্যালয়ে পড়েছিলেন, এছাড়াও তিনি তখন থেকেই মাঝে মাঝে বাজার খরচ করতেন। আমার থেকে তাঁর স্মার্টনেস বেশি ছিল। দাদা মস্তানদের থেকেও আমাকে বাঁচাতেন। আমি হাল্কা রোগা ছেলে ছিলাম। দাদা গোছের ছেলেরা আমাকে জ্বালাতন করত। আমি মুখ বুজে সহ্য করতাম। আস্তে আস্তে সব ঠিক হওয়া শুরু করল।

বড় মাঠ, সুন্দর ঘর, লিচু গাছ, আমগাছ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঝকঝকে চেহারার শিক্ষক-শিক্ষিকা সব মিলে আমার কাছে স্কুলটি প্রিয় হয়ে উঠল। তখনকার প্রধান শিক্ষক আব্দুল মতিন বড়ভুইয়া ছিলেন মার সম্পর্কিত মামা। শিক্ষকরা যেন শিক্ষকতার গণ্ডি ছাড়িয়ে কোনও একটা অভিযান চালাচ্ছেন মনে হত। কয়েকজন শিক্ষক যে খামখেয়ালি ছিলেন না তা নয়। শিক্ষক-শিক্ষিকারা আমাকে বিশেষ গুরুত্ব দিতেন, কারণ আমিও খুব বাধ্য ছাত্র ছিলাম। দুটি সেকশনেই আমাদের ব্যাচটির প্রায় সবাই মেধাবি ছাত্র-ছাত্রী হিসেবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সেই দলের সর্দার হয়ে গেলাম আমি। মানে আমাকে ক্যাপ্টেন করা হল। ষান্মাসিক পরীক্ষার আগে সহপাঠীদের উদ্বেগ দেখে কয়েকজনকে নিয়ে গেলাম প্রধান শিক্ষকের কাছে। বললাম, ‘আমরা খুব চিন্তিত। প্রশ্নগুলো যেন আমাদের পক্ষে কঠিন না হয়।’ মুচকি হাসার চেষ্টা করেও যেন পারলেন না তিনি, মুখটা হাঁ হয়ে গেল। রাশভারি একজন মানুষের পক্ষে এই হাসিটাও ছিল অট্টহাসির সমান।

অনেক সমস্যা সত্বেও পড়াশোনা থামেনি। মাঝে মাঝে মরে যাওয়ার ইচ্ছে হত। তারপর ভাবতাম আমার মা-বাবার জন্য আমাকে পড়তে হবে, প্রথম সারিতে থাকতে হবে। আব্বা আমাদের নিয়ে খুব পরিশ্রম করতেন, এই একটা কাজেই যেন তিনি আত্মনিয়োগ করলেন। প্রতিযোগিতা ছিল মুলত তিনজনের – শাহারুল, হায়দর (বর্তমানে এই স্কুলেই বিজ্ঞান শিক্ষক) ও আমার। শাহারুলের হস্তাক্ষর ছিল ঈর্ষনীয়। এ ছাড়াও নিলোফার (বর্তমানে এই স্কুলের লজিক শিক্ষিকা), শামিমা (অধ্যাপক আব্দুস সহিদ স্যারের মেয়ে), নাসমিন (স্কুলের অধ্যক্ষের মেয়ে), রনি, ইকবাল, ইসমত, মঞ্জুশ্রী, ইন্দিরা সহ অনেকেই। ক্লাসে বা স্কুল চত্বরে ছেলেদের সঙ্গে মেয়েদের মাখামাখি তো দূর, কথা বলা বা তাকানোও ছিল অসম্ভব। মেয়েরা স্কুলে আসত ঘোমটা দিয়ে, তার উপর আবার ছাতা দিয়ে মুখ ঢেকে। এরপরও কিছু বখাটে ছেলে ইভটিজিং করত, তবে আড়ালে তীর্যক মন্তব্য পর্যন্ত সীমিত ছিল তা। আমরা ষষ্ঠ শ্রেণিতে উঠতে উঠতে ছেলে-মেয়েদের চোখে চোখ রেখে কথা বলা যেন আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করল। কিছু নতুন সমস্যাও দেখা দিল। এভাবেই মাধ্যমিক পরীক্ষা এল। আমি, হায়দর আর নিলোফার প্রথম বিভাগে পাস করলাম। অনেকেই সামান্যের জন্য দ্বিতীয় বিভাগে পাস করল। এরই মধ্যে স্কুলটি উচ্চতর মাধ্যমিক হয়ে গেল। সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়ল। অনেকেই এই স্কুলেই থাকল।

তারপর আমার চোখ অপারেশন। দুবছর পড়া হল না। আর পড়াশোনা করার ইচ্ছে রইল না। দুবছর গ্যাপ দিয়ে ভর্তি হলাম নেনা মিয়া স্কুলেই। ক্লাস আর পাঠ্যপুস্তক ছাড়া অন্য প্রস্তুতি ছিল না। দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলাম। ইংরাজিতে মাত্র ৮৪ মার্কের উত্তর লিখে পেয়েছিলাম ৭০। আসলে সেও আব্বার অবদান। অষ্টম শ্রেণি পর্যন্ত আমাকে যে ইংরাজি ব্যাকরণ শিখিয়েছিলেন তার ফল এই। সুলতান স্যার ও ভারতী ম্যাডাম আমাকে শান দিয়ে ঠিক করলেন। ভর্তি হলাম কাছাড় কলেজে ইংরাজি সাম্মানিক নিয়ে। আবার নতুন পরিবেশ। ফাঁক পেলেই বসে যেত গানের আসর। পার্থ, সুব্রত, সিদ্ধার্থ, জয়দীপ, জন আরো অনেক। তারপর আড্ডা দিতে গিয়ে ক্লাস মিস। দোতলার ছাদে বসে জমিয়ে আড্ডা। পড়াশোনাও ছিল। একবার ছাত্র সংসদে সম্পাদক পদের জন্য নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। কিন্তু নির্বাচনটাই রদ হয়ে গেল। বাড়ি থেকে আসা যাওয়া করা সমস্যা। থাকলাম পঞ্চায়েত রোডে। সেখানেও পরিচয় আরো অনেকের সঙ্গে। আবার চোখ অপারেশন। আবার দুবছর গ্যাপ। এবার ভবঘুরে হয়ে গেলাম। পড়াশোনা আর করব না স্থির করলাম। ক্লাব, বিয়েবাড়ি, গানের আসর এসবে ব্যস্ত হয়ে পড়লাম। সাইকেলে চড়ে সোনাই, সোনাবাড়িঘাট, শিলচর চক্কর দেওয়া। মাঝে মাঝে লোন নিয়ে কী কী করার পরিকল্পনাও শুরু করে দিলাম।

আব্বা তখন ফ্রি কোচিং ওয়ার্কশপ চালাতেন। সেই সময় আমাদের বাড়িতে এলাকার শিক্ষানুরাগী মানুষের আড্ডা জমত। এই আড্ডার মধ্যমণি জাফরুল হাসান আমাকে একদিন খুব জোরালো ভাষায় বোঝালেন। আমি রাজি হলাম আবার পড়াশোনা শুরু করতে। সঞ্জয়, বাহার, মাহমুদ, কবির পয়লাপুল নেহরু কলেজ থেকে ফর্ম আনল। আমাকে শুধু সই করতে হল। তারপর আবার আরেক যাত্রা। কিছুতেই পড়াশোনায় মন বসে না। বন্ধুসংখ্যা কম রাখার আপ্রাণ চেষ্টা করলাম। এই সময় অধ্যাপক সুর্যকান্ত চক্রবর্তী, অ্যাকাউন্টেন্ট সুনির্মল নাথ, অধ্যাপক গণেশ দে, অধ্যাপক আবিদ রাজা মজুমদার চাইছিলেন শারদোৎসব আয়্যোজন হোক। বার বার চেষ্টা করেও হয়নি। আমরা এগিয়ে এলাম। নেহরু কলেজের ইতিহাসে এই প্রথম শারদোৎসব। আর লুকিয়ে থাকতে পারলাম না। দল বড় হয়ে গেল। বন্ধুদের অনুরোধে ভোটে লড়ে হারলাম। শুরু হয়ে গেল গান, আড্ডা, ঘোরাঘুরি। শ্যামলদার রেস্তোরাঁয় আড্ডা আর জয়পুর, হরিনগর, লাবক, জিরিঘাট, লক্ষীপুর চষে বেড়ানো। পাস করলাম দ্বিতীয় বিভাগে।

এবার আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হলাম। অনেক চেষ্টা করলাম ধারে কাছে একটা মেস বা ভাড়াঘর খুঁজে পাওয়ার। কিন্তু নাম বলতেই বাড়ির মালিক অরাজি হয়ে যেতেন। খবর পেলাম, পয়লাপুলের শিবু কানুনগোর একটা বাড়ি আছে আইরংমারায়। কিন্তু কেয়ারটেকার নাম জিজ্ঞেস করে জানালো ঘর খালি নেই। অপু, বলাই, সব্যসাচীরা খুব চেষ্টা করেও পারল না। অবশেষে রাঙ্গিরখাড়ি আর মেহেরপুরে ভাড়া ঘরে থেকে পড়াশোনা করলাম। যে ঘরে ভাড়া পেলাম না মুসলমান বলে সেই ঘরেই কিন্তু রাত জেগে আড্ডা, গান আর ঘুম চলত আমাদের। পড়াশোনা যাকে বলে তা কিন্তু আমার দ্বারা তখনও হয়ে উঠছিল না। ফলে রেজাল্ট তেমন হল না। তপোধীর স্যারের বকুনি খেতে হয়েছিল। একবার বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায় জয়শ্রী, অনির্বাণ, অনিরুদ্ধ, মণিদীপা, মনোজ, শতদল সহ এক বড় দল বিভিন্ন ক্ষেত্রে আসাম বিশ্ববিদ্যালয়ে বিজয়ী হয়ে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাই। ভারতের চারটি এলাকা ভিত্তিক প্রতিযোগিতার পূর্ব জোনের স্থল ছিল এই মেদিনীপুর। সেখানে জয়ী হয়ে দুজন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সুযোগ পেয়েছিল। বাকিরা ফিরে এলাম। কিন্তু সেই রেলসফর চিরদিন মনে থাকবে। আমাদের উৎপাতে যাত্রীরা পুরো একটা বগিই আমাদের ছেড়ে দিয়েছিলেন। এতটা হৈ হুল্লোড় করেছিলাম আমরা।

আর পড়াশোনা করব না ঠিক করলাম। একবার আইন পড়তে উদ্বুদ্ধ করল কবির আর আনোয়ার। তাদের সঙ্গে করিমগঞ্জ ল’ কলেজে ভর্তি হলাম। খরচ অনেক কম ছিল বলেই করিমগঞ্জ। সাহায্য করেছিলেন আব্দুল বাসিত স্যার। কিন্তু সে বছর পরীক্ষায় বসা আর হল না। কলেজে কাজ করার সময় মোরাদ আহমেদ লস্করের চাপে সমাজতত্ত্ব পড়তে ভর্তি হলাম কানপুরের ছত্রপতি সাহু জি মহারাজ বিশ্ববিদ্যালয়ে। পাস করলাম প্রথম বিভাগে। স্কুল পরিচালনা করতে গিয়ে আবার পড়তে হল ডিএলএড। কিছুদিন ধ্রুপদী সঙ্গীতও শিখেছিলাম।

আমি এখনও ছাত্র। কাজ করতে গিয়ে ছোট বড় অনেকের কাছেই শিখি বাধ্য ছাত্রের মতই। আর যত শিখি মনে হয় আমি তো আরো ছোট ছাত্র হয়ে গেছি। এ জীবনে আর জানা হল না, শেখা হল না; হবেও না। নিজেকে তথ্যের ভাণ্ডার বা জিকে বুক বানানোর চেষ্টা করি না। কিন্তু জ্ঞানের সার সত্যটা বুঝে না গেলে জীবনটাই ব্যর্থ হয়ে যাবে – এই ভয় আমাকে কুরে কুরে খায়। এই বিশ্বজগত কি সত্যিই অসীম? সীমাহীন বলে কি কিছু থাকে? অনাদি অনন্ত সময়—সেও কি সম্ভব? ঈশ্বর বলে কেউ আছে যাকে আমরা কল্পনা করি আমাদের মত? তিনি কি আমাদের ডাক শোনেন, না স্টিফেন হকিং এর শরীরে বসানো যন্ত্রের মত আমদের মগজের সঙ্কেত বোঝেন? তিনি কি সত্যিই আমাদের মন্ত্রের ভাষা বোঝেন, না কোনও ভাষার দরকারই নেই তাঁর? তাঁর কি দূত পাঠানোর দরকার আছে? তাঁর কি কোনও আলাদা অস্তিত্ব আছে, না তিনিই সব? এসব প্রশ্নের উত্তর কোন বই পড়ে জানব? বাজারের সব বিক্রেতাই তো বলে, ‘আমারটাই ভালো।’

০৩ জুন, ২০২০


শনিবার, ২৩ মে, ২০২০

আতঙ্ক বড়ই সংক্রামক


আতঙ্ক বড়ই সংক্রামক

চোখের জলের হিন্দু-মুসলমান নেই।
দেশছাড়া হওয়ার চকচকে আতঙ্ক
গড়িয়ে পড়ে গাল বেয়ে।
তর্জনী আর কপোলে এখনও লেগে আছে
সদ্য মুছে ফেলা চোখের জলের অবশিষ্ট
আরেক ফোঁটা আগলে রেখেছে দু’চোখের পাতা।
সে চোখ তোমার , সে তোমার পরিচয়।
তোমার ধর্ম নেই, জাতি নেই।
ভগবান তোমার আবদার শুনে ভয় পায়,
সেও লাচার, ধনীর টাকা না পেলে সেও গৃহহীন হয়ে পড়ে।
আজকে যে ঘরে ঘুমাও তুমি,
যে জমির দখল রাখতে প্রতিবেশীর সাথে তোমার মোকদ্দমা চলে
সেই ঘর, সেই জমি, আগলে রাখা অলঙ্কার
নিমেষে নিঃশেষ হয়ে যাবার ভয় ঘুম ভাঙিয়ে দেয় তোমার।
যে মেয়ের বিয়ের জন্য টাকা রেখেছো বিশ বছর মেয়াদে।
একদিন সেই কচি মেয়েটার জরায়ুর রক্তে
রাজপথ সিক্ত হয়ে যাবে সেই আশঙ্কায় জড়িয়ে ধরো তাকে।
জোয়ান ছেলেটার হাতে বই দেখে আঁতকে ওঠো তুমি
না জানি কবে কার নজরে পড়ে যায়।
পুরনো বাক্সটাকে জায়গা বদলে রাখো রোজ
তার ভেতরে রাখা কাগজ যেন হরিণীর মাংস,
লুকিয়ে রাখবে না হাতের কাছে রাখবে।
আতঙ্ক বড়ই সঙ্ক্রামক তুমি জানো
তবুও পারো না আট বছরের শিশুর চোখকে ফাঁকি দিতে
তার বইয়ের পাতায় তোমার আতঙ্ক ঘুর্ণিঝড় তোলে।

০৮-০১-২০২০

পার্থিব শিল্প

।। সাদিক মোহাম্মদ লস্কর ।।

তোমাকে বুঝতে বোঝাতে শেষ হয়ে গেল দিন।
নিজেকে বোঝানোর চেষ্টায় আমি ক্লান্তিহীন।
সন্ধ্যা হয়ে এল -- 
সব পাখি ঘরে ফিরে --
তুমিও তাই।

আমি আছি তারার নিচে
ঘাসের বিছানায়।
আজও শেখা হল না সেই সহজ পার্থিব শিল্প।

২৪-০৫-২০১৩

বুধবার, ৬ মে, ২০২০

করোনা, লকডাউন ও গ্রাম বরাকের ছবি –৩

করোনা, লকডাউন ও গ্রাম বরাকের ছবি –৩


সাদিক মোহাম্মদ লস্কর
জীবনকে ছন্দে ফেরানোর চেষ্টায়। নিজের ঘর মেরামতির উদ্যোগ। ছবিঃ সাদিক মোহাম্মদ লস্কর।
জীবনকে ছন্দে ফেরানোর চেষ্টায়। নিজের ঘর মেরামতির উদ্যোগ। ছবিঃ সাদিক মোহাম্মদ লস্কর।
REPORT THIS AD

মৃত্যুর স্রোতস্বিনীর ভয়ে জীবনের চাকা কতদিন থামিয়ে রাখা যায়! জীবন থেমে গেলেই তো মৃত্যু আসে সেই গতির ধারবাহিকতা বজায় রাখতে। তাই সেই নদীর ভয়ঙ্কর স্রোত উপেক্ষা করেও সেতু নির্মাণ করতে হয়। কিন্তু যখন প্লাবন আসে আমদের ঘরেও সেই স্রোত আর ঢেউ জোর ধাক্কা দিয়ে যায়। তখন সেতু নির্মাণের কথা কেউ ভাবতেও পারে না। সে চলে যাওয়ার সময় ছেড়ে যায় নোংরা কাদা আর আবর্জনার রাশি। সেই সব পরিষ্কার করে তবেই বাস্তুকারের মাথায় আসে সেতু নির্মাণের পরিকল্পনা। করোনার হানা পৃথিবীময় মহাপ্লাবনের মতোই; অনেকটা নুহ নবীর সময়কার প্লাবনের মতোই পৃথিবীময়।
কাদা আর আবর্জনার মধ্যেই আবার শুরু হয়েছে চলাচল। কিন্তু ধীর লয়ে। কিস্তি কিস্তি করে জীবনের পাপড়ি উন্মোচিত হচ্ছে। একটুকুন ছড়িয়ে দিলেই কোথা থেকে এসে ঝাপটা মেরে বসবে ভয়ঙ্কর মৃত্যু। এই তো আশেপাশেই সে ঘাপটি মেরে বসে আছে। তাই সাবধান; সাবধানের মার নেই। চিকিৎসা, অত্যাবশ্যক পণ্য, প্রশাসন ইত্যাদির সাথে এবার আংশিক মুক্ত হলো খাদ্য উৎপাদন ও বিক্রয় ব্যবস্থা, নির্মাণ, লরি মেরামত ইত্যাদি। সরকারি কার্যালয়ে পালা করে হাজিরা দেবেন কর্মচারীরা। জমায়েত বন্ধ থাকবে। শহরের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্নই থাকবে আরো বহুদিন।
আমাদের জীবন তো শহরমুখী হয়ে গেছিল। হঠাৎ করে সেই পথ বন্ধ হয়ে গেল। যাত্রীবাহী গাড়ি চালিয়ে যারা রোজগার করত তারা এখন আমাদের চোখের সামনেই কর্মহীন হয়ে পড়ছেন। এরকম আরও অনেক কর্মক্ষেত্র অচল হয়ে পড়ছে। এদের জন্য জন্য বিকল্প কী? বরাক উপত্যকায় সেই অর্থে কৃষি নেই। এখানে সারা বছর হাড়ভাঙা পরিশ্রম করে না চাষির পেঠ ভরে না জমি মালিকের। ভাগ-বাটোয়ারা হয়ে যাওয়া কৃষিজমির মালিকরা এখন আর জমিদার নন। সরকারি উন্নয়ন কাগজে আর রাঘব বোয়ালদের পেটে। কোটি টাকার জলসিঞ্চন প্রকল্প থেকে দুই ফোঁটা জলের ছিটেও বের হয়না। মানুষের অনৈতিক দাবি মেটাতে টিলাগুলোর দেহ বিসর্জন হয়েছে জলাশয়ে। আর জলাশয় ভরে ঘর উঠেছে। তাই খাদ্য উৎপাদনের সব রাস্তাই প্রায় বন্ধ হয়ে গেছে।
এদিকে প্রায় শূন্যহাতে ঘরে ফিরছে হায়দরাবাদ, বাঙ্গালোর, কাতার, দুবাই থেকে কাতারে কাতারে যুবকের দল। তাদের নিয়োগকারী উদ্যোগপতিদের অনেকেই এই বাড়তি বোঝা নানা অজুহাতে ঝেড়ে ফেলতে চাইছিল, এখন সে পথ পরিষ্কার হয়ে গেল। কম শ্রমিক দিয়ে বেশি মুনাফা অর্জনের চেষ্টাই করবে তারা। আসলে এদের তো কোনও লোকসান নেই, উদ্বৃত্ত মুনাফায় ঘাটতি হবে মাত্র। এই সুযোগে কোটি কোটি টাকার কর মকুব করার ধান্ধা করবে এরা। ফলে সস্তা শ্রমিকের ছড়াছড়ি হবে বিশ্বময়। আমাদের বরাকেও এর ঢেউ আছড়ে পড়বে।
WhatsApp Image 2020-04-21 at 11.26.54 AM
হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে সুরাট গিয়ে চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল মুন বড়ভূইয়ার। এখন তো আর বসে থাকতে পারে না সে। ছবিঃ সাদিক মোহাম্মদ লস্কর।
এরকম একটা পরিস্থিতিতে আবার সব কিছু গুছিয়ে নিয়ে পুনরুজ্জীবিত করা চাট্টিখানি কথা নয়। কিন্তু প্রয়োজন সব পারে। সময় বলে দেবে ঠিকই; কিন্তু সে অপেক্ষা না করে সময় থাকতে এগিয়ে আসতে হবে। কৃষি, জলসেচ ইত্যদি বিভাগের যা গেছে তা নিয়ে আন্দোলন করার সময় এখন নয়। কিন্তু যা অবশিষ্ট আছে তা নিয়ে কীভাবে এগিয়ে যাওয়া যায় সেই পন্থা ঠিক করতে হবে। এসব বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের এখন কাগজ থেকে ঝাঁপ দিয়ে মাঠে নামতে হবে। বর্ষার মরশুমে ধান সহ অন্যান্য শাকসব্জি কীভাবে ফলানো যায় সে চেষ্টা করতে হবে। বাঁধ নির্মাণের নামে রাস্তা নির্মাণ আর নয়। বরং যেখানে বাঁধ দরকার সেখানেই তা নির্মাণ করতে হবে। জবরদখল হওয়া জলাশয় মুক্ত করে মৎস্যচাষের উপযোগী করে তুলতে হবে। জল নিষ্কাশন ও সংরক্ষণের জন্য পদক্ষেপ নিতে হবে এমজিএনরেগার মাধ্যমে।
যারা কৃষির সঙ্গে মোটেই পরিচিত নয় তারা এখন এক বিপন্ন প্রজাতির মত। এদের কথা আলাদা করে ভাবতে হবে। স্বল্পকালীন ব্যবস্থাপনা হিসেবে এদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা করার সুযোগ করে দিতে হবে। এছাড়াও এদের বড় অংশ যেহেতু শিক্ষিত তাই তাদের দক্ষ শ্রমিক, উদ্যোগী বা ব্যবস্থাপক হিসেবে গড়ে তুলতে হবে।

পুর্ব প্রকাশিত

শনিবার, ২ আগস্ট, ২০১৪

সে


হাঁটতে হাঁটতে কতটুকু যাওয়া যায়? যেখানে গিয়ে পা আর চলেনা সেখান পর্যন্ত? নাকি ফিরে আসার শক্তি অনুমান করেই থেমে যাওয়া? মনে মনে প্রশ্নটা করে চলছিল সে। অনেক সময় নিজের শক্তি অনুমান করা যায়না। ক্লান্তির সীমারেখা ঠিক কোনখানে দ্রাঘিমারেখার মত অপেক্ষা করছে, তা বোঝা মুশকিল। এই রেখার উপর পা রেখেও ঠাহর করা যায়না। হঠাৎ চারপাশে চলন্ত জীবনের গতি দেখে অভিভূত হতে হয়। কিছুক্ষণ পর সম্বিত ফিরে পেয়ে নিজের আগের গতির পরিমাপ করে মনে হয় কখন পেরিয়ে এসেছি সেই সীমারেখাটি। তখন জিরিয়ে নিতে গেলে মনে ভয় আসে যদি একা হয়ে যাই। এমন অনেক ভাবনা তার মনে আসছিল। আর ভেবে ভেবে ক্লান্তি ঝেড়ে এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছিল সে।
তবুও সে একা। কারণ তার মত কেউ নেই। বাড়ি ফিরলে হাতের দিকে কতকগুলো চোখ চাদ-সূর্যের মত চেয়ে থাকে। ছোট্টবেলার সেই চাঁদ যে তার পিছু ধাওয়া করত। বাড়ির বাইরেও তাই। কেন এত প্রত্যাশা ভিড় করে চারপাশে! আসক্তি আর বিরক্তির পাটিগণিত তাকে যেন ঠেলে নিয়ে যাচ্ছিল। যেমন তেল ফুরনো গাড়ি।
ছোট্টবেলায় বাবার হাত ধরে বাজার যাওয়ার সময় কাকুরা প্রশ্ন করত ‘বড় হয়ে কী হবে?’ হওয়াটা ঠিক কী তখন বুঝে ওঠার মত বুদ্ধি ছিলনা তার। ধীরে ধীরে পৃথিবীর সবচাইতে বড় পদটিতে অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠল। এমন পদ যে অনেক আছে তাও আরো কিছু পরে আবিষ্কার করল সে। অজানা আগ্রহ তাকে টেনে নিয়ে যেতে শুরু করল। তারপর ধরা পড়ল শরীরের দুর্বোধ্য অবাধ্যতা। শরীরের রসায়নে মনের বিচিত্র উঁকিঝুঁকি। আর তাকে ধরতে গিয়ে অপ্রত্যাশিত অজস্র আশ্চর্য আবিষ্কার। একদিন হঠাৎ মনে হল সব ভুল। আর তখন থেকেই অঙ্ক কষে চলা। সঙ্কুচিত হয়ে গেল স্বপ্নের পরিসর। চাহিদার ভিড় ঠেলে স্বপ্নের দুর্বল শরীর নিজের জন্য জায়গা করে নিতে পারেনা।
যাত্রীবাহী গাড়িতে চড়ে অফিসে যাতায়াত। কোনো যাত্রায় মুখ ভার করা অপরিচিত ও অপেক্ষাকৃত বড়লোক সহযাত্রীদের অনুকরণ করে তাদের চেয়ে বেশি গম্ভীর ভাব বজায় রাখার চেষ্টা করে সে। আবার কখনো গ্রাম থেকে শহরে যাওয়ার পথে নতুন সৌন্দর্য আবিষ্কার করার ধ্যানে মগ্ন হয় সে। তবে সেই ধ্যানে সিদ্ধিলাভ হয়না কখনো। রোজ তো আর প্রকৃতি নতুন রূপে সাধারণ মানুষের কাছে আসেনা। কখনো বা জিনিষপত্রের দাম, স্থানীয় রাজনীতির পরিবর্তনের প্রয়োজন ইত্যাদি বিষয়ে জোরদার বক্তব্য তুলে ধরেন কোনো সহযাত্রী। মূল্যবৃদ্ধির আলোচনায় কখনো সে মন্তব্যও করে। কিন্তু রাজনীতি সম্বন্ধে আলোচনায় সে সাবধানে সমর্থন করে শুধু। পরিবর্তন আদৌ জরুরি কিনা, এমনটা কখনো হয় কিনা এসব চিন্তা করে সে কুল পায়না। তার অস্বস্তি বোধ হয়। চতুর্থ শ্রেণির কর্মী সে। কলেজ ছাত্রীদের চোখে চোখ পড়লেও ফিরিয়ে নেয় সে। মনে পড়ে স্ত্রী ও ছেলেমেয়ের প্রতি দায়িত্ববোধের কথা। মনে পড়ে নিজের বয়স, সম্মান ইত্যাদির কথা। যদিও এমনটা করতে নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়না তার।
অফিসে ঢুকতেই উদরপুর্তি হাঁক দেন। ফাইল অথবা চা নিয়ে সে হাজির হয়। কখন কী দরকার তা বুঝতে পারে সে। তবে অতিথি এলে খালি হাতেই হাজির হয় সে। সাহেবের নাম কী চক্রবর্তী। কিন্তু খাই খাই স্বভাবের জন্য তার এই জনপ্রিয় নাম। নামটা খুব সম্ভবত তারই দেওয়া। এখন সে বিশ্বাসই করতে পারেনা যে তার পক্ষে এমন নামকরণ সম্ভব। উদরপূর্তির কাছে সে এখন খুব প্রিয়। কারণ সে এখন তারই ভাবশিষ্য। সাহেবের নির্দেশ ছাড়া ফাইল সে বের করেনা। নিতান্ত বিপদগ্রস্ত মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়। পকেটের অর্থ থেকে দক্ষিণা দিতে হয় তাদের। কিছু মানুষ স্বার্থ বা পরার্থ হাসিল করতেও দক্ষিণা অর্পণ করেন। মাঝে মাঝে কিছু ত্যাঁদড় এসে যন্ত্রণা দেয়। এদের কয়েক রোজ চক্কর কাটিয়ে দিলেই হল। এসবে ঝুঁকি আছে। তাই সাহেবকে এক তৃতীয়াংশ ভাগ দেয় সে। বিকেলে বন্ধ ঘরে ভাগবাটোয়ারা হয়। অফিসের সবাই সিস্টেমের ঘাড়ে বোঝা চাপিয়ে গা খালাস করে। সে ওসব করেনা। তবে একটু দান, উপাসনা এসব সে করে। বিধাতা যে মানবজাতিকে ক্ষমা করার জন্য উন্মুখ হয়ে আছেন এবং সামান্য তোষামোদের বিনিময়ে গুরুতর পাপ তিনি ক্ষমা করতে পারেন এই যুক্তি সে হাস্যকর মনে করেনা এখন।
বাড়ি ফিরলে সংসার নিয়ে ব্যস্ত স্ত্রীর মুখ দেখতে হয়। শুধু খাওয়া ও ঘর গোছানোর কাজে জীবনের সবটুকু সময় যে মেয়ে নিঃশেষ করে দিতে পারে তার দিকে প্রশংসাসুচক দৃষ্টি না ফেলে কোন পুরুষ। ঘরে এসে কোনকিছু অপরিপাটি দেখতে হয়না। চাওয়ার আগেই হাজির হয়ে যায় ক্ষুধা-তৃষ্ণার নিবারক। ছেলেমেয়েও বড় হচ্ছে। দায়-দায়িত্ব তো সামলাতেই হয়। এমন ব্যস্ত স্ত্রীর সামনে প্রেম না দেখিয়ে ব্যস্ততার প্রদর্শন করাই ভালো। তবে এসব যে খুব একটা পরিকল্পনামাফিক হয় তা কিন্তু নয়। মাঝে মাঝে তাদের মধ্যে হৃদয় নামক অপদার্থটির উপস্থিতিও টের পাওয়া যায়।
‘কী দেখছ? টিফিনটা এনেছ?’ একটু যেন লজ্জা পেয়েই চিরুনিটা পকেটে পুরে টিফিনটা হাতে নিল সে। স্ত্রী একটু বিস্মিত হলেন ঠিক। কিন্তু খুশি হলেননা। স্বামীর পালিয়ে যাওয়াটা তার নজর এড়িয়ে গেলনা। দুই ছেলে তাদের। ছোট ছেলের বয়স পাঁচ হয়ে গেছে। সবাই চলে গেলে শাশুড়িকে সঙ্গী করে টিভি সিরিয়ালটা দেখে নেয় রোশন। বিয়ের পর এখানেই তার পৃথিবী দর্শন।
বিকেলে সবাই বসে হিসাব করছেন। সাহেবের কাছে সে ধরা পড়ে যায়। পল্টু একটা মীমাংসা করে দিল। তবে সাহেবের ধমক খেতে হল ‘বাবু হঠাত দয়ার সাগর হয়ে গেলেন... গরিব মানুষটির কাছে ঘুষ চাইতে পারছিলেননা...’ সে নিঃশব্দে জবাব দিল, ‘একটা গাড়ি পেলে বাড়ি ফিরতে মন চায় সবার’। সত্যিই সে বাড়ি ফিরতে চাইছিল।
বাসটা এসে গেছে। কিন্তু জানলায় একটা হাত না দেখলে বাসে চড়া যায়না। খিদেটা একটু বেশিই লেগেছে। অফিসের ঝামেলায় পেট খালি থেকে গেল। হ্যাঁ, এই গাড়িতেই চড়া যায়। নির্দিষ্ট সিটটাতে বসতে যেন একটু লজ্জা হচ্ছিল। বাড়ি ফেরার পথে প্রায় সব সহযাত্রী পরিচিতই থাকেন। নির্মলা অনুরোধ করলে বসতে তেমন অসুবিধে হয়না। অসুবিধা হওয়ার কথা নয়, কারণ নির্মলা ডাকবেই। শুধু একটু অপেক্ষা করতে হয়। হলও তাই।
অন্য একটা পৃথিবীর টানে সে রোজ যাতায়াত করে। বাসটা যেন একটা ডুবোজাহাজ পাতালের পথে চলেছে। একটা সম্মোহনী সঙ্গীত যেন চারপাশের সবকিছু ঝাপসা করে দেয়। শুধু একবার ভাড়ার জন্য কন্ডাকটরের হাঁক আর লেনদেন। তারপর স্বপ্নের মত সবকিছু। এভাবেই চলছে আজকাল। নির্মলা কোনও একটা বেসরকারি সংস্থায় কাজ করে। রোজ খাবার নিয়ে আসে। কখনো ঘর থেকে আবার কখনো দোকানের।
একদিন নির্মলার হাত গাড়ির জানলায় দেখতে পেলনা সে। গাড়িতে উঠে আবার নেমে গেল। গাড়ি ছাড়ার সময় হয়ে গেল। একজন বন্ধু ডেকে বলল, ‘বৌদি পথ চেয়ে আছে, চল।’ কোনও একটা জরুরি কাজ আছে জানিয়ে সে থেকেই গেল। একটু পরেই এল নির্মলা।
-   ‘আমি জানি আপনি থাকবেন। আজ একটু শখ হয়েছে। রেস্তোরাঁয় যাব’।
-   কেন?
-   আজ আপনার সাথে দেখা হওয়ার তিন মাস হল।
-   হ্যাঁ
-   আপনার দেরি হলে অসুবিধা নেই তো?
-   না না
-   বৌদি বকবেনা তো?
-   আপনি জানেন?
নির্মলা পৃথিবীময় একটা মুচকিহাসি ছড়িয়ে দিল।
এরপর সপ্তাহে অন্তত একদিন বাসের বাইরে দেখা হয়েছে তাদের। খাওয়া দাওয়া, গল্প গুজব।
একদিন নির্মলা এলনা। বাস থেকে নেমে সে অপেক্ষা করল। কিন্তু নির্মলা এলনা। সন্ধ্যে হয়ে এল। এরপর কত সন্ধ্যে অপেক্ষায় চলে গেল।

আজকাল রোজ বাড়ি ফিরতে রাত হয়ে যায় তার। অফিসে এখন দেরি করে আসে, অফিস থেকে দেরি করে ফিরে সে। নাইট গার্ডের সঙ্গে বসে বিড়ি খায়। ঘরে ফিরে সে হাসিমুখে। বাচ্চাদের জন্য নিয়ে আসে দামি চকোলেট। গভীর রাতে রোশনকে নিয়ে ছাদে উঠে হাওয়া খায় সে। রোশনের চোখ চকচক করে ওঠে অন্ধকারে।