literature লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
literature লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩১ জুলাই, ২০২৪

আবর্তন

কক্ষপথে ঘুরতে থাকা পৃথিবীর কাছে
আমার ইচ্ছে মূল্যহীন।
কারণ সেও ঘুরে
পরিবার, গ্রাম দেশের নির্দেশে।
২৩/৭/২০১৪

শনিবার, ৩০ মে, ২০২০

একটু নিজের কথাই বলি


একটু নিজের কথাই বলি

পৃথিবীতে আমার আসাটাই এক দুর্ঘটনা মাত্র। এক অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ব্যাপার। আমার জন্যে কেউ বুক বেঁধে অপেক্ষা করেনি, বরং এক আপদ হিসেবে দেখাটাই স্বাভাবিক ছিল। কারণ আমার জন্মের সময় আমার দাদার বয়স ছিল মাত্র এক বছর। দাদার প্রাপ্য যত্ন, খাদ্য সবকিছুই আমার কারণে কমে গেল। বাঁশকান্দির অদুরে আলিপুরের বারোজ মেমোরিয়াল খ্রীস্টিয়ান হসপিটাল-এ আমার জন্ম। তারপর বড় হয়ে ওঠা বাঁশকান্দির পৈতৃক বাড়িটিতে। শিলচর-ইম্ফল জাতীয় সড়কটি আমাদের বাড়ি আর ১৯০৪ সালে স্থাপিত বাঁশকান্দি মধ্যবঙ্গ বিদ্যালয়ের সীমারেখার মত মাঝখান দিয়ে গেছে।

আমার দান বা প্রাপ্তি কোনোটাই তেমন বড় নয়। এরকম মানুষের নিজের কথা লেখা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। বরং হাস্যকর হতে পারে অনেকের কাছে। যদি তাই হয় তবে বুঝে নিতে হবে এই একটা কাজের কাজ হল আমার জীবনে, মানুষকে হাসানোর মত একটা বড় কাজ আমি করতে পেরেছি। কেউ আড়ালে বিদ্রূপ করলেও বুঝে নেব আমি কিছু কাজ করেছি। কেউ গালি দিলে বুঝব আমার শুভাকাঙ্ক্ষী আছেন।

আমার জীবনে অনেক অনেক অভিজ্ঞতা আছে যা ঐতিহাসিক না হলেও কিছু ছবি তুলে ধরতে পারে। অনেক পারিপার্শ্বিক ব্যাপার হতে পারে সময়ের দলিল। আমার স্বাস্থ্য, শিক্ষা, পেশা, গ্রামের খুঁটিনাটি, বিভিন্ন প্রতিষ্ঠানের বা ব্যক্তির পরিচয় পর্যায়ক্রমে তুলে ধরতে চাই। আশা করি এসব আমার আত্মপরিচয়ে সীমাবদ্ধ থাকবে না। আর শুধু শুধু বড়লোকের কথাই শুনব কেন? আমাদের জীবনেও তো অনেক উত্থান পতন আছে। আমাদেরও তো কিছু না বলা কথা আছে।

সমাজকে অনেক কিছুই দেয় একজন ব্যক্তি। তার লক্ষে অলক্ষে, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে একজন সাধারণ ব্যক্তি পাওয়ার চাইতে দেয় বেশি। কারণ সে যে রোজগার করে তার একটা বড়ো অংশ সে এই সমাজের স্বার্থে ব্যয় করে। শুধু অর্থ নয়, তার সময়, শক্তি, সুখ, স্বাধীনতা অনেক কিছুই সে সমাজের জন্য বিসর্জন করে। সমাজ তার দায়িত্ব নেয় ঠিকই, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সেই প্রতিশ্রুতি থেকে সরে যায়। তো দাঁড়ালো এই যে প্রত্যেক ব্যক্তি সচেতনভাবে সমাজকে দেয় না। যারা দেয় না তারাই শীর্ষ আসনে বসে বাকিদের ভাগ্য নিয়ন্ত্রণ করে। তাদের দান প্রাপ্তির চাইতে অনেক কম। কিন্তু হিসেবের তালিকায় সেই নাম বড়ো হরফে লেখা থাকে। অথচ যারা নানা দ্বিধায় নিজের প্রাপ্তির রাশিকে বড়ো করতে পারে না তাদের দান তালিকায় বাদ পড়ে যায় এই বলে, যে ভিক্ষা তারা পেয়েছে এ তারই প্রতিদান মাত্র। অথচ মানুষ সমাজে বাস করে এই আশায় যে সমাজ তাকে সুরক্ষা দেবে প্রতি মুহুর্তে আর আপদকালে এই সুরক্ষা এতো বড়ো হবে যে তা দেখা যাবে সহজে। কিন্তু তা হয় না। হয় না বলেই বড়লোকদের বাড়ি ফেরাতে গিয়ে সারা দেশ তালা মারতে হল আর গরিব বাড়ি ফিরতে গিয়ে গাড়ি চাপা পড়ে, সরকারি লাঠির আঘাতে বা অনাহারে মারা পড়ে। বড়লোকের হাজার কোটি টাকার ঋণ মকুব হয় অনায়াসে আর কৃষক ঋণ খেলাপির দায়ে আত্মহত্যা করে।

কিন্তু তারপরেও তো ছোটলোকের লাশের উপর পা রেখে বেশিদিন চলতে পারে না বড়লোক। ছোটলোক ঘরে বসে মরলে বড়লোকের গাড়ি চলে না, বাড়ি চলে না, কল-কারখানা চলে না। পিরামিডের নিচের সারিতে যারা আছি আমরা আমাদের কথাও কিছু বলি। এখানে কাদা আছে, জোঁক কামড়ায়, নোংরা ধুলা শরীরে লাগে। কিন্তু এই সব এক একটা দলিল।



একটু নিজের কথাই বলি – ১

মার কাছে শুনলাম, জন্মের পর সুস্থই ছিলাম আমি। তিনি ঠাট্টা করে বলেন, বোধ হয় নজর লেগেছিল। চল্লিশ দিন পূর্ণ হতেই শ্বাসকষ্ট দেখা দেয়। স্থানীয় ডাক্তাররা হাল ছেড়ে দেন। তখন যাতায়াত-যোগাযোগ ভালো ছিল না, শহরে নিতে গেলে হয়তো মৃত্যু হতে পারত। এমন সময় এগিয়ে এলেন খলিল মৌলবি নামের এক হোমিও চিকিৎসক। তাঁর ওষুধে অলৌকিক ভাবে সুস্থ হয়ে উঠলাম। সেই থেকে শরীরের সঙ্গে আমার যুদ্ধ লেগেই আছে, প্রত্যেক বারই আমার জিত হয়েছে। কিন্তু যুদ্ধ মানেই হত বা আহত হওয়া। তাই প্রতিটি যুদ্ধে কম-বেশি আহত হয়েছি।

আব্বা আমাকে সাইকেলের বেবি সিটে বসিয়ে নিয়ে যেতেন আলিপুর। পুরাণ বাজার ছেড়েই রাস্তার দুপাশে ছিল বিস্তীর্ণ মাঠ – কখনও সবুজ, কখনও সোনালি। সেই নির্জন জায়গায় পৌঁছে তিনি কী বিড়বিড় করতেন আর ফুকফুক করে কাঁদতেন। চোখের জলের ছিটে এসে পড়ত আমার শরীরে। আমি বুঝতে পারতাম না, জিজ্ঞেস করে যে উত্তর পেতাম তা বোঝার বয়েস ছিল না আমার। বাড়িতে আমার বিছানা, থালা-বাটি সব আলাদা ছিল। খেলা-ধুলা করা নিষেধ ছিল। রোজ ডিম-মাংস খেতাম। একদিন সেই হাসপাতালে এলেন এক ডাক্তার – শাদা চামড়া, লম্বা শক্ত শরীর, বড় বড় আঙুল। বাবার কাছে জানলাম তাঁর নাম জীন বারোজ। আমাকে পরীক্ষা করে লাফ মেরে উঠে এত জোরে গর্জন করলেন যে আমি ভয় পেয়ে গেলাম। ‘লা মি না আ আ ....!’ এই আওয়াজে হাসপাতাল চত্বর যেন কেঁপে উঠল। ব্যস্ত হয়ে দরজার পাশে এসে হাজির হলেন ডা. লামিনা। তারপর দুজনে কী সব কথা হল। আবছা আবছা মনে পড়ে আব্বা আমাকে জড়িয়ে ধরে হেসেছিলেন তখন। বড় হয়ে আব্বার কাছে জানলাম ডা. জীন বারোজ সেদিন ডা. লামিনাকে ধমক দিয়ে বলেছিলেন, ‘এটা কি টিবি রোগের লক্ষণ? চেহারা দেখে বোঝো না? এতদিন ধরে ছেলেটাকে কড়া ওষুধ দিয়েছ!!...’

এর পর সর্দি কাশি লেগেই থাকত। শীত এলে বাবা আমাকে এমনভাবে কাপড়ে মুড়ে দিতেন যে লোকে আমাকে এস্কিমো বলে বিদ্রূপ করত। নয় বছর বয়সে আমার হয়ে গেল এগজিমা। দুটি পা ফেঁটে পুঁজ রক্ত বের হত শীত এলে। অনেক ওষুধের পর একজন কবিরাজের চিকিৎসায় সেও কমল প্রায় তিন বছর পর। কিন্তু তখন এল শ্বাসকষ্ট। ফলে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে খুব বাছ-বিচার চলত। মাস-দুমাস পর পর কী যন্ত্রণা। এরই মধ্যে একদিন ইসলামিক শিক্ষার এক প্রতিযোগিতামুলক পরীক্ষায় বসে ধরা পড়ল আমি চোখে কম দেখি। আমি দূরের বস্তু কম দেখতাম, কিন্তু ‘চালাকি’ করে কাউকে সেটা বুঝতে দিতাম না। ক্লাসে প্রথম বেঞ্চে বসতাম তাই কেউ বুঝতে পারত না। কিন্তু সেদিন হলের পেছন দিকে বসতে হয়েছিল। আমাদের মসজিদের ইমাম সেটা বুঝতে পেরে আমাকে আগে নিয়ে যান আর আমার বাড়িতে জানান। ধরা পড়ল আমার মায়োপিয়া ২.০। চশমা লাগাতে হল এগারো বছর বয়সে। আমার চশমা দেখে অনেকেই আঁতকে উঠতেন। ‘তুমি কি চশমা খুললে দেখতে পাও না?’ ‘কি হল চোখে?’ এ ধরণের অনেক প্রশ্ন আমাকে বড় কষ্ট দিত। এছাড়াও ঝগড়া হলে ছোট বড় অনেকেই গালি দিত ‘কানা’ বলে।

তেরো বছর বয়সে হাতে আসে এক যোগ ব্যায়ামের বই। সেটা পড়ে শুরু করে দিলাম যোগচর্চা। বদলে দিলাম খাদ্যাভ্যাস। শ্বাসকষ্ট থেকে রেহাই পেয়ে গেলাম এক বছরের মধ্যে। জীবনটাকে একটু ভোগ করার ইচ্ছে জাগল। কিন্তু প্রায়ই সর্দি-কাশি লেগেই থাকত। ডা. সুব্রত পাল প্রচুর অ্যান্টিবায়োটিক খাইয়েছেন। কমছে না দেখে আমি নিজে নিম-তুলসি-মধু মিশিয়ে খাওয়া শুরু করলাম। অনেকটা কাজও হল। অনেক পরে জানলাম আমার এলার্জি আছে, ধুলো, বাক্সবন্দি কাপড়-কাগজ এসব নাকের কাছে গেলেই সমস্ত শ্বাসযন্ত্র বিকল হয়ে পড়ে এখনও। ব্যাপারটা আগে জানলে হয়তো এত কষ্ট পেতে হত না।

ডা. চৌধুরীর কাছে আমার চোখের চিকিৎসা চলত। চশমার পাওয়ার বাড়তে থাকল। মাধ্যমিক পরীক্ষার ফল বের হওয়ার কয়েকদিন আগে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে একটা ব্যাপার দেখে চিন্তায় পড়লাম। স্টাম্পগুলো মাঝখানে যেন ভাঙা মনে হল। এরপর যেদিকে তাকাই সব ভাঙা। বুঝলাম কিছু একটা সমস্যা আছে। পরদিন মনে হল সমস্যাটা নেই। আর কাউকে বললাম না। মাধ্যমিকের ফল যেদিন বের হল সেদিন আবার এই সমস্যা দেখা দিল। আমি জানতাম আমার রেজাল্ট কী হবে। তাই স্কুলে না গিয়ে ওরিয়েন্টাল হলে সিনেমা দেখতে গেলাম। দেখলাম পর্দাটা যেন ভাঙা। বাম চোখের দৃষ্টিশক্তি তুলনামূলক ভালো ছিল। সেই চোখেই ভাঙা দেখছি। পরদিন ডা. চৌধুরির কাছে এলাম। কয়েকদিন পরীক্ষার পর তিনি বললেন, রেটিনাল ডিটাচমেন্ট হয়েছে বাম চোখে। অপারেশন করতে হবে। যেতে হবে দূর মাদ্রাজে অবস্থিত শঙ্কর নেত্রালয়াতে। মাথায় যেন বাজ পড়ল সবার। কোন কলেজে কী বিষয় নিয়ে ভর্তি হবো এই পরিকল্পল্পনা নিয়ে সবাই যখন মশগুল, সবাই যখন আমাকে আর আব্বাকে বোঝানোর চেষ্টা করছে যে সায়েন্স পড়লে ছেলে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে পারবে, ঠিক তখনই ডাক্তার বললেন আমার পক্ষে পড়াশোনা আর হবেই না।

মাদ্রাজ যাওয়ার প্রস্তুতি শুরু হল। আব্বার বাইরে যাওয়ার অভিজ্ঞতা ছিল না। তাই কৃষ্ণপুরের আমার আত্মীয় তথা আব্বার সহকর্মী ফইজুল মামা আমাদের সঙ্গে যাবেন বলে স্থির হল। রেলের টিকিট বুক করা হল। ডাক্তারের পরামর্শে কমপ্লিট বেডরেস্ট। এরই মধ্যে ডাক্তার জানালেন একটা উপায় আছে, রোগ কমে যেতে পারে। আশায় বুক বেঁধে বিছানা পত্তর নিয়ে ভর্তি হলাম শিলচর মেডিকেল কলেজের আই অয়ার্ডে। আমার চোখ বেঁধে রেখে দেওয়া হল বিছানায়। দিনে কয়েকবার মেডিকেলের পড়ুয়ারা এসে বন্ধন খুলে ওটিতে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করত। মেয়েরাই বেশি উৎপাত করত। কেউ কেউ অযথা ঘেঁষাঘেঁষি করত, আমি বড়ই বিরক্তি বোধ করতাম। অবশ্য কারো কারো স্পর্শে জীবন ফিরে পেতাম। হিফজুর চাচা, আদিমা আন্টি দিনরাত লেগে থাকতেন। দশদিন এভাবে রাখার পর জানিয়ে দেওয়া হল মাদ্রাজ যেতেই হবে। পরে জানলাম এই দশদিন আমার চিকিৎসা হয়নি, ছাত্রছাত্রীদের গিনিপিগ ছিলাম আমি।

সেও এক অভিজ্ঞতা। চক্ষু বিভাগে তেমন গুরুতর রোগী নেই। বেশির ভাগ ছানির অপারেশন। করিমগঞ্জের এক রসিক বৃদ্ধ ছিলেন। জীবনের অপ্রাপ্তি নিয়ে এমন রসিকতা বোধ হয় সবাই করতে পারে না। আমাকে ডেকে বলতেন, ‘বুঝলায় নি নাতি, আমরার আর কদর নাই। সুন্দরী অখল তো পাল্লা, আমার বাড়ির এইনও আইন না। আইতাউ কিলা, পয়সা লাগে যেন।’ তিনি হাসপাতালের খাদ্য নিয়ে ব্যঙ্গ করতেন, ‘সরখারে সুয়াবি (সোয়াবিন) ইতা কিতা দি যেন বানাইল। অউ যেন গিলার রোজ। ভাতর লগে কামড় দিতে কচাৎ কচাৎ করে। গন লাগি গেছে।’ একদিন ভাত খেয়ে চরম তৃপ্তিতে ঘোষণা করলেন,’বুইচ্ছনিবা! আইজ এক কাম করছি। তলে নামিয়া হাগাই মরিছ লইয়া আইনছি। সরকারর ভাত আর সুয়াবি থালো লইয়া কান্দাবায় সাতগু হাগাই মরিছ থইছি। কামড়র লগে একোগু… হালার সুয়াবি… এবলাকু খাইতায় নায় আবার… ঝালে খালি ঠেলি ঠেলি হারার।‘ চক্ষু বিভাগের ওয়াশরুম তুলনামূলক ভাবে পরিষ্কার ছিল। আমার দাদা একদিন সেই ওয়াশরুম থেকে ফিরে বললেন, ‘এখানে পায়খানা করতে গেলে বমি করে ফিরতে হয়।’

তারপর একদিন অজানা দেশের উদ্দেশে পাড়ি দিলাম। বাস থেকে দুচোখ ভরে মেঘালয়ের পাহাড়, ঝরণা দেখলাম। ভাবলাম, আর এই চোখ দিয়ে এই রূপ দেখা হবে না বোধ হয়। গুয়াহাটি দেখে বিস্মিত হলাম, এতো লোক, এতো গাড়ি, অট্টালিকা। দিসপুরের যে আত্মীয়বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তা এখন আর চেনাই যায় না। তখন ছিল মাটির গলিপথ, কচুরিপানায় ভরা বিস্তীর্ণ জলাভূমি। তারপর আরেক যাত্রা। এই প্রথম রেলভ্রমণ কোচিন এক্সপ্রেস চড়ে। গান গেয়ে, গানের দল গড়ে কামরায় কামরায় নিমন্ত্রণ খেয়ে কেটে গেল ৬০ ঘন্টা। প্লাটফর্ম পেরিয়ে মাদ্রাজ নগরী দেখে হতভম্ব। উঠলাম এস এম লজিং হাউসে। আব্বার কোনও অসুবিধে হল না। ইডলি, দোসা, সাম্বার গোগ্রাসে গিলছেন। আমি তো ফাঁপরে পড়লাম। কিছুই খেতে পারি না। পরিচয় হলো সোনাইর মিলন মামার সঙ্গে, সিনেমায় কাজ করতেন। আরো অনেকের সঙ্গে দেখা হল। এত আদর যত্ন সহযোগিতা মানুষ পরের জন্য করতেও পারে এই ব্যস্ত নগরিতে!

নেত্রালয়ে গিয়ে রেজিস্ট্রেশন করলাম। এক মহিলা জন্ম থেকে শুরু করে তখন পর্যন্ত অসুখ আর ওষুধের বৃত্তান্ত লিপিবদ্ধ করলেন। অদ্ভুত সব যন্ত্র দিয়ে পরীক্ষা করা হল চোখ। ডাক্তার পি চাল্লা বললেন, দুচোখেই ডিটাচ হয়েছে কয়েক বছর আগে। বকাবকি করলেন, ‘দৃষ্টিশক্তি দ্রুত কমছে দেখেও তো ডাক্তারের বোঝা উচিত ছিল।’ যাই হোক বাম চোখ অপারেশন হল। ওটিতে যাওয়ার সময় গান গেয়ে গেয়ে ঢুকলাম। এক তামিল মহিলা হাউ হাউ করে কাঁদছিলেন, কর্মীদের একজন আমার দিকে দেখিয়ে কী বলল মহিলাকে। বোধ হয় মহিলাকে সাহস দিল। আমি গর্বিত হয়ে একটু জোরে গান গাইলাম, ‘জিনা য়াহাঁ, মরনা য়াহাঁ’। বোধ হয় একটু আগে নেওয়া একটা ইঞ্জেকশনের প্রভাবও হতে পারে। তারপর একটা সেলাইন, ধীরে হাত থেকে শুরু করে মাথা পর্যন্ত ঠাণ্ডা হয়ে সব শেষ। জ্ঞান ফিরে আসার পর টের পেলাম আমাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। কী যন্ত্রণা আর অস্বস্তি। জানলাম আনেস্থেসিয়ার কারণে নাকি এসব হয়। তিনদিন পর চোখ খুলে দেওয়া হল। এলাম লজে, বেডরেস্ট। কিন্তু সেই ভাঙা দেখাটা থেকেই গেল। ডাক্তার বললেন, অপারেশন না হলে দৃষ্টিশক্তিই চলে যেত। আশ্বস্ত হলাম।

তারপর হল ডান চোখের অপারেশন। এই চোখটি এখন ভালো, কারণ বাম চোখে তো আমি ভাঙা দেখি। অপারেশন করলেন ডা. রবি। মনে পড়ে অপারেশন চলার সময় হঠাৎ আমার জ্ঞান ফিরে এসেছিল। সবাই চিৎকার করে আমাকে ঝাপটে ধরেছিল। বাড়ি ফিরে আসার পর কয়েক মাস পর আবার সমস্যা দেখা দিল। ডান চোখটাতে কিছু জ্বালা যন্ত্রণা হয়। গেলাম ডা. চৌধুরির কাছে। তিনি পরীক্ষা করে বললেন, বাকলটাতে চোখের পাতার ঘষা লেগে ক্ষত হয়ে গেছে। আবার গেলাম মাদ্রাজ। এবার বাকল রিমুভ করার জন্য ডান চোখে আবার অপারেশন করলেন ডা. মুনা পি ভেন্ডে। তিন মাস পর আবার যেতে বললেন। এরই মধ্যে সমস্যা দেখা দেওয়ায় ডা. চৌধুরির কাছে আবার গেলাম। তিনি শিলচর মেডিকেল কলেজের ওটিতে নিয়ে কীসব করলেন। পরে বললেন চোখের ক্ষতস্থানে একটা ফাঁক হয়ে গেছে, কিছুতেই জোড়া লাগছে না। নেত্রালয়াতে গেলে ডা. মুনা হেসে বললেন, এ আর জোড়া লাগবে না। প্লাস্টিক সার্জারি বা গ্যাস্প করা যেতে পারে। কিন্তু দরকার নেই। বছরে একবার পরীক্ষা করতে হবে। এবার এই চোখটাও আর ভালো রইল না। মনে হয় জ্ঞান ফিরে আসায় তড়িঘড়িতে কী একটা গণ্ডগোল হয়েছে, তবে সেটা আমার অনুমান মাত্র। এই কারণে লেন্স লাগানো সম্ভব নয়। লেজার তো আর সম্ভবই নয়।

একবার ডাক্তারকে জিজ্ঞেস করলাম, আমি কি ব্যায়াম করতে পারি? মাথা নেড়ে জানালেন পারব। আবার জিজ্ঞেস করলাম, খেলাঘুলা? পারবে। পড়াশোনা? তিনি একরকম রেগে গিয়ে বললেন, ‘ইউ ক্যান ডু এভরিথিং। হোয়াই আর ইউ আস্কিং? হু টল্ড ইউ দ্যাট?’ বললাম, আমাদের ওখানকার ডাক্তার বলেছেন। রেগে গিয়ে আমাকে ইংরাজিতে বললেন, ‘ওসব আজগুবি চিন্তা বন্ধ কর। কী হয়েছে তোমার যে হাত-পা গুটিয়ে বসে থাকবে? তাহলে অপারেশন কেন করা হল?’ বহুদিন পর যেন মুক্তির স্বাদ পেলাম। এখনও আমি চলছি জীবনের জঙ্গল কেটে। এখনও আমি পড়ি, পড়াই, ব্যায়াম করি, কাজ করি। তবে জীবনের চাকাটাকে আগের গতি দিতে যেন দ্বিগুণ শক্তি দিতে হয়। কারণ দুর্ঘটনার পর গাড়ি মেরামত করে নিলেও আর আগের মত চলতে পারে না।


শনিবার, ২৩ মে, ২০২০

আতঙ্ক বড়ই সংক্রামক


আতঙ্ক বড়ই সংক্রামক

চোখের জলের হিন্দু-মুসলমান নেই।
দেশছাড়া হওয়ার চকচকে আতঙ্ক
গড়িয়ে পড়ে গাল বেয়ে।
তর্জনী আর কপোলে এখনও লেগে আছে
সদ্য মুছে ফেলা চোখের জলের অবশিষ্ট
আরেক ফোঁটা আগলে রেখেছে দু’চোখের পাতা।
সে চোখ তোমার , সে তোমার পরিচয়।
তোমার ধর্ম নেই, জাতি নেই।
ভগবান তোমার আবদার শুনে ভয় পায়,
সেও লাচার, ধনীর টাকা না পেলে সেও গৃহহীন হয়ে পড়ে।
আজকে যে ঘরে ঘুমাও তুমি,
যে জমির দখল রাখতে প্রতিবেশীর সাথে তোমার মোকদ্দমা চলে
সেই ঘর, সেই জমি, আগলে রাখা অলঙ্কার
নিমেষে নিঃশেষ হয়ে যাবার ভয় ঘুম ভাঙিয়ে দেয় তোমার।
যে মেয়ের বিয়ের জন্য টাকা রেখেছো বিশ বছর মেয়াদে।
একদিন সেই কচি মেয়েটার জরায়ুর রক্তে
রাজপথ সিক্ত হয়ে যাবে সেই আশঙ্কায় জড়িয়ে ধরো তাকে।
জোয়ান ছেলেটার হাতে বই দেখে আঁতকে ওঠো তুমি
না জানি কবে কার নজরে পড়ে যায়।
পুরনো বাক্সটাকে জায়গা বদলে রাখো রোজ
তার ভেতরে রাখা কাগজ যেন হরিণীর মাংস,
লুকিয়ে রাখবে না হাতের কাছে রাখবে।
আতঙ্ক বড়ই সঙ্ক্রামক তুমি জানো
তবুও পারো না আট বছরের শিশুর চোখকে ফাঁকি দিতে
তার বইয়ের পাতায় তোমার আতঙ্ক ঘুর্ণিঝড় তোলে।

০৮-০১-২০২০

পার্থিব শিল্প

।। সাদিক মোহাম্মদ লস্কর ।।

তোমাকে বুঝতে বোঝাতে শেষ হয়ে গেল দিন।
নিজেকে বোঝানোর চেষ্টায় আমি ক্লান্তিহীন।
সন্ধ্যা হয়ে এল -- 
সব পাখি ঘরে ফিরে --
তুমিও তাই।

আমি আছি তারার নিচে
ঘাসের বিছানায়।
আজও শেখা হল না সেই সহজ পার্থিব শিল্প।

২৪-০৫-২০১৩

শুক্রবার, ৮ মে, ২০২০

তুমি আর সে

তুমি আর সে

বলেছিলাম প্রেম আর জীবনকে আলাদা
                                করে রাখতে।
তুমি বললে তখন প্রেম মানেই জীবন,
                                জীবন মানেই প্রেম।
এখন অদাহ্য প্রেম গুটি গুটি পায়ে
                                 রান্নাঘরে এসে
চুলা আর কড়াইয়ের মাঝখানে খুব দ্রুত
                                  ঢুকে যায়।
কখনো কখনো দেখি উঁকি মারে
                                  সব্জির বস্তা থেকে।
মেঘামার্টের উজ্জ্বল তাকে তাকে প্রেম
                                  লাফালাফি করে।
তার আঙ্গুলে রেখে শিশুটি চুষে নেয়
                                  আমাদের প্রেম।
এখন তো প্রেম থাকে বাচ্চার স্কুলের গেটে,
                                  পিল আর তিলের তেলে।
বলিরেখা দেখা গেছে ভালোবাসার
                                   চিন্তাগ্রস্ত মুখে।
কিন্তু সে তো আজো মাঝরাতে দুজনের
                                   ঘুমন্ত শরীরে
নরম চাহনি মাখা দেহহীন দেহের
                                    বাতাস লাগিয়ে যায়।

বাঁশকান্দি
০৩/১২/২০১৯

মিনারের নিচে


মিনারের নিচে

তুমি কোথা আছো হে প্রিয়?
গ্রহ নয়, নক্ষত্রে নয়, অন্য কোথাও।
আমি বসে আছি এই পৃথিবীতে
যে আজ শেষপ্রায় মিনারের ভিড়ে।
আমি জানি সব বালি ও পাথর –
সমস্ত পৃথিবীই মিনার হয়ে যাবে।
তাই বলি এসো তুমিই এখানে।
আমাদের ঘর ভাঙে আমাদেরই নিরলস পরিশ্রমে।
ঘুমহীন নয়নে দিয়ে যাও শীতল পরশ।
তার পর শুরু হবে আমাদের নতুন সকাল।

বাঁশকান্দি
০৬-০৪-২০২০

শনিবার, ২ আগস্ট, ২০১৪

সে


হাঁটতে হাঁটতে কতটুকু যাওয়া যায়? যেখানে গিয়ে পা আর চলেনা সেখান পর্যন্ত? নাকি ফিরে আসার শক্তি অনুমান করেই থেমে যাওয়া? মনে মনে প্রশ্নটা করে চলছিল সে। অনেক সময় নিজের শক্তি অনুমান করা যায়না। ক্লান্তির সীমারেখা ঠিক কোনখানে দ্রাঘিমারেখার মত অপেক্ষা করছে, তা বোঝা মুশকিল। এই রেখার উপর পা রেখেও ঠাহর করা যায়না। হঠাৎ চারপাশে চলন্ত জীবনের গতি দেখে অভিভূত হতে হয়। কিছুক্ষণ পর সম্বিত ফিরে পেয়ে নিজের আগের গতির পরিমাপ করে মনে হয় কখন পেরিয়ে এসেছি সেই সীমারেখাটি। তখন জিরিয়ে নিতে গেলে মনে ভয় আসে যদি একা হয়ে যাই। এমন অনেক ভাবনা তার মনে আসছিল। আর ভেবে ভেবে ক্লান্তি ঝেড়ে এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছিল সে।
তবুও সে একা। কারণ তার মত কেউ নেই। বাড়ি ফিরলে হাতের দিকে কতকগুলো চোখ চাদ-সূর্যের মত চেয়ে থাকে। ছোট্টবেলার সেই চাঁদ যে তার পিছু ধাওয়া করত। বাড়ির বাইরেও তাই। কেন এত প্রত্যাশা ভিড় করে চারপাশে! আসক্তি আর বিরক্তির পাটিগণিত তাকে যেন ঠেলে নিয়ে যাচ্ছিল। যেমন তেল ফুরনো গাড়ি।
ছোট্টবেলায় বাবার হাত ধরে বাজার যাওয়ার সময় কাকুরা প্রশ্ন করত ‘বড় হয়ে কী হবে?’ হওয়াটা ঠিক কী তখন বুঝে ওঠার মত বুদ্ধি ছিলনা তার। ধীরে ধীরে পৃথিবীর সবচাইতে বড় পদটিতে অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠল। এমন পদ যে অনেক আছে তাও আরো কিছু পরে আবিষ্কার করল সে। অজানা আগ্রহ তাকে টেনে নিয়ে যেতে শুরু করল। তারপর ধরা পড়ল শরীরের দুর্বোধ্য অবাধ্যতা। শরীরের রসায়নে মনের বিচিত্র উঁকিঝুঁকি। আর তাকে ধরতে গিয়ে অপ্রত্যাশিত অজস্র আশ্চর্য আবিষ্কার। একদিন হঠাৎ মনে হল সব ভুল। আর তখন থেকেই অঙ্ক কষে চলা। সঙ্কুচিত হয়ে গেল স্বপ্নের পরিসর। চাহিদার ভিড় ঠেলে স্বপ্নের দুর্বল শরীর নিজের জন্য জায়গা করে নিতে পারেনা।
যাত্রীবাহী গাড়িতে চড়ে অফিসে যাতায়াত। কোনো যাত্রায় মুখ ভার করা অপরিচিত ও অপেক্ষাকৃত বড়লোক সহযাত্রীদের অনুকরণ করে তাদের চেয়ে বেশি গম্ভীর ভাব বজায় রাখার চেষ্টা করে সে। আবার কখনো গ্রাম থেকে শহরে যাওয়ার পথে নতুন সৌন্দর্য আবিষ্কার করার ধ্যানে মগ্ন হয় সে। তবে সেই ধ্যানে সিদ্ধিলাভ হয়না কখনো। রোজ তো আর প্রকৃতি নতুন রূপে সাধারণ মানুষের কাছে আসেনা। কখনো বা জিনিষপত্রের দাম, স্থানীয় রাজনীতির পরিবর্তনের প্রয়োজন ইত্যাদি বিষয়ে জোরদার বক্তব্য তুলে ধরেন কোনো সহযাত্রী। মূল্যবৃদ্ধির আলোচনায় কখনো সে মন্তব্যও করে। কিন্তু রাজনীতি সম্বন্ধে আলোচনায় সে সাবধানে সমর্থন করে শুধু। পরিবর্তন আদৌ জরুরি কিনা, এমনটা কখনো হয় কিনা এসব চিন্তা করে সে কুল পায়না। তার অস্বস্তি বোধ হয়। চতুর্থ শ্রেণির কর্মী সে। কলেজ ছাত্রীদের চোখে চোখ পড়লেও ফিরিয়ে নেয় সে। মনে পড়ে স্ত্রী ও ছেলেমেয়ের প্রতি দায়িত্ববোধের কথা। মনে পড়ে নিজের বয়স, সম্মান ইত্যাদির কথা। যদিও এমনটা করতে নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়না তার।
অফিসে ঢুকতেই উদরপুর্তি হাঁক দেন। ফাইল অথবা চা নিয়ে সে হাজির হয়। কখন কী দরকার তা বুঝতে পারে সে। তবে অতিথি এলে খালি হাতেই হাজির হয় সে। সাহেবের নাম কী চক্রবর্তী। কিন্তু খাই খাই স্বভাবের জন্য তার এই জনপ্রিয় নাম। নামটা খুব সম্ভবত তারই দেওয়া। এখন সে বিশ্বাসই করতে পারেনা যে তার পক্ষে এমন নামকরণ সম্ভব। উদরপূর্তির কাছে সে এখন খুব প্রিয়। কারণ সে এখন তারই ভাবশিষ্য। সাহেবের নির্দেশ ছাড়া ফাইল সে বের করেনা। নিতান্ত বিপদগ্রস্ত মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়। পকেটের অর্থ থেকে দক্ষিণা দিতে হয় তাদের। কিছু মানুষ স্বার্থ বা পরার্থ হাসিল করতেও দক্ষিণা অর্পণ করেন। মাঝে মাঝে কিছু ত্যাঁদড় এসে যন্ত্রণা দেয়। এদের কয়েক রোজ চক্কর কাটিয়ে দিলেই হল। এসবে ঝুঁকি আছে। তাই সাহেবকে এক তৃতীয়াংশ ভাগ দেয় সে। বিকেলে বন্ধ ঘরে ভাগবাটোয়ারা হয়। অফিসের সবাই সিস্টেমের ঘাড়ে বোঝা চাপিয়ে গা খালাস করে। সে ওসব করেনা। তবে একটু দান, উপাসনা এসব সে করে। বিধাতা যে মানবজাতিকে ক্ষমা করার জন্য উন্মুখ হয়ে আছেন এবং সামান্য তোষামোদের বিনিময়ে গুরুতর পাপ তিনি ক্ষমা করতে পারেন এই যুক্তি সে হাস্যকর মনে করেনা এখন।
বাড়ি ফিরলে সংসার নিয়ে ব্যস্ত স্ত্রীর মুখ দেখতে হয়। শুধু খাওয়া ও ঘর গোছানোর কাজে জীবনের সবটুকু সময় যে মেয়ে নিঃশেষ করে দিতে পারে তার দিকে প্রশংসাসুচক দৃষ্টি না ফেলে কোন পুরুষ। ঘরে এসে কোনকিছু অপরিপাটি দেখতে হয়না। চাওয়ার আগেই হাজির হয়ে যায় ক্ষুধা-তৃষ্ণার নিবারক। ছেলেমেয়েও বড় হচ্ছে। দায়-দায়িত্ব তো সামলাতেই হয়। এমন ব্যস্ত স্ত্রীর সামনে প্রেম না দেখিয়ে ব্যস্ততার প্রদর্শন করাই ভালো। তবে এসব যে খুব একটা পরিকল্পনামাফিক হয় তা কিন্তু নয়। মাঝে মাঝে তাদের মধ্যে হৃদয় নামক অপদার্থটির উপস্থিতিও টের পাওয়া যায়।
‘কী দেখছ? টিফিনটা এনেছ?’ একটু যেন লজ্জা পেয়েই চিরুনিটা পকেটে পুরে টিফিনটা হাতে নিল সে। স্ত্রী একটু বিস্মিত হলেন ঠিক। কিন্তু খুশি হলেননা। স্বামীর পালিয়ে যাওয়াটা তার নজর এড়িয়ে গেলনা। দুই ছেলে তাদের। ছোট ছেলের বয়স পাঁচ হয়ে গেছে। সবাই চলে গেলে শাশুড়িকে সঙ্গী করে টিভি সিরিয়ালটা দেখে নেয় রোশন। বিয়ের পর এখানেই তার পৃথিবী দর্শন।
বিকেলে সবাই বসে হিসাব করছেন। সাহেবের কাছে সে ধরা পড়ে যায়। পল্টু একটা মীমাংসা করে দিল। তবে সাহেবের ধমক খেতে হল ‘বাবু হঠাত দয়ার সাগর হয়ে গেলেন... গরিব মানুষটির কাছে ঘুষ চাইতে পারছিলেননা...’ সে নিঃশব্দে জবাব দিল, ‘একটা গাড়ি পেলে বাড়ি ফিরতে মন চায় সবার’। সত্যিই সে বাড়ি ফিরতে চাইছিল।
বাসটা এসে গেছে। কিন্তু জানলায় একটা হাত না দেখলে বাসে চড়া যায়না। খিদেটা একটু বেশিই লেগেছে। অফিসের ঝামেলায় পেট খালি থেকে গেল। হ্যাঁ, এই গাড়িতেই চড়া যায়। নির্দিষ্ট সিটটাতে বসতে যেন একটু লজ্জা হচ্ছিল। বাড়ি ফেরার পথে প্রায় সব সহযাত্রী পরিচিতই থাকেন। নির্মলা অনুরোধ করলে বসতে তেমন অসুবিধে হয়না। অসুবিধা হওয়ার কথা নয়, কারণ নির্মলা ডাকবেই। শুধু একটু অপেক্ষা করতে হয়। হলও তাই।
অন্য একটা পৃথিবীর টানে সে রোজ যাতায়াত করে। বাসটা যেন একটা ডুবোজাহাজ পাতালের পথে চলেছে। একটা সম্মোহনী সঙ্গীত যেন চারপাশের সবকিছু ঝাপসা করে দেয়। শুধু একবার ভাড়ার জন্য কন্ডাকটরের হাঁক আর লেনদেন। তারপর স্বপ্নের মত সবকিছু। এভাবেই চলছে আজকাল। নির্মলা কোনও একটা বেসরকারি সংস্থায় কাজ করে। রোজ খাবার নিয়ে আসে। কখনো ঘর থেকে আবার কখনো দোকানের।
একদিন নির্মলার হাত গাড়ির জানলায় দেখতে পেলনা সে। গাড়িতে উঠে আবার নেমে গেল। গাড়ি ছাড়ার সময় হয়ে গেল। একজন বন্ধু ডেকে বলল, ‘বৌদি পথ চেয়ে আছে, চল।’ কোনও একটা জরুরি কাজ আছে জানিয়ে সে থেকেই গেল। একটু পরেই এল নির্মলা।
-   ‘আমি জানি আপনি থাকবেন। আজ একটু শখ হয়েছে। রেস্তোরাঁয় যাব’।
-   কেন?
-   আজ আপনার সাথে দেখা হওয়ার তিন মাস হল।
-   হ্যাঁ
-   আপনার দেরি হলে অসুবিধা নেই তো?
-   না না
-   বৌদি বকবেনা তো?
-   আপনি জানেন?
নির্মলা পৃথিবীময় একটা মুচকিহাসি ছড়িয়ে দিল।
এরপর সপ্তাহে অন্তত একদিন বাসের বাইরে দেখা হয়েছে তাদের। খাওয়া দাওয়া, গল্প গুজব।
একদিন নির্মলা এলনা। বাস থেকে নেমে সে অপেক্ষা করল। কিন্তু নির্মলা এলনা। সন্ধ্যে হয়ে এল। এরপর কত সন্ধ্যে অপেক্ষায় চলে গেল।

আজকাল রোজ বাড়ি ফিরতে রাত হয়ে যায় তার। অফিসে এখন দেরি করে আসে, অফিস থেকে দেরি করে ফিরে সে। নাইট গার্ডের সঙ্গে বসে বিড়ি খায়। ঘরে ফিরে সে হাসিমুখে। বাচ্চাদের জন্য নিয়ে আসে দামি চকোলেট। গভীর রাতে রোশনকে নিয়ে ছাদে উঠে হাওয়া খায় সে। রোশনের চোখ চকচক করে ওঠে অন্ধকারে।