আত্মকথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আত্মকথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৩ জুন, ২০২১

প্রতিস্থাপন

জানি তুমি বটবৃক্ষের মতো
দুর্বল অথচ দৃঢ় পায়ে
আশ্রয় নিতে চাও এ গায়ে।
ক্ষতি নেই লাগে আপাতত।
তার পর তুমি ধীরে ধীরে
নিজেই় হয়ে ওঠো আশ্রয়,
সুজন কুজনের আলয়
মুখরিত কূজনের ভিড়ে।
আর ততক্ষণে আমি শেষ
আমি নিঃশেষ হয়েই যাই,
তোমার ফুলে ফলে চারায়
থাকে না আমার অবশেষ।
23/6/21
6:30 am

শনিবার, ৩ অক্টোবর, ২০২০

একটু নিজের কথাই বলি -- ৪ (গ)

 ২০০২ সালে বাগপুরের রহিম উদ্দিন বড়ভূঁইয়া এক প্রস্তাব দিলেন একটি পত্রিকা প্রকাশ করার। সঙ্গে ছিলেন মাসতুতো ভাই রাজু আহমেদ চৌধুরি, বন্ধু কবির আহমেদ লস্কর ও আনোয়ারুল ইসলাম লস্কর। নাম দেওয়া হল ‘আজকের বরাক’। ২০০৩ সালের ১৫ এপ্রিল উন্মোচন করা হল বাঁশকান্দি নেনা মিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। অতিথি ছিলেন সাময়িক প্রসঙ্গের কর্ণধার তৈমুর রাজা চৌধুরি, উপত্যকার অগ্রণী ব্যক্তিত্ব ইমাদ উদ্দিন বুলবুল, অধ্যাপক আবিদ রাজা মজুমদার, অধ্যাপক আব্দুস সহিদ চৌধুরি, সাহিত্যিক নবদ্বীপ সিংহ, সমাজকর্মী খায়রুন নেসা চৌধুরি, আধিকারিক রণজিত কুমার লস্কর প্রমুখ। বেশ কয়েকটা সংখ্যা বের হয়। কিন্তু বেশিদুর এগোতে পারেনি। কবির তখন যুগশঙ্খ পত্রিকায় কাজ করত। আমি সেদিন তৈমুর রাজা চৌধুরির কাছে ইচ্ছা প্রকাশ করলাম সাময়িক প্রসঙ্গ-তে সাংবাদিকতা করার। তিনি কয়েকদিন পরে সম্মতি দিলেন। এদিকে সোনার কাছাড় পত্রিকায় যোগ দিল আনোয়ার। তিনজন মিলে কাজ শুরু করলাম। দিন নেই, রাত নেই। সাময়িক প্রসঙ্গ তখন সবেমাত্র দৈনিক হয়েছে। সোনার কাছাড় অন্তিম লগ্নে। স্কুটার চালিয়ে উগ্রপন্থী অধ্যুষিত পয়লাপুল থেকে শুরু করে লাডুমা, হ্মারখৌলিয়েন, শিবস্থান, শিবপুরি, কুমাছড়া, বেকড়া ইত্যাদি স্থানে যেতে হত। দেখেছি উগ্রপন্থী (ডাকাত) আর নিরাপত্তারক্ষীদের বোঝাপড়ার সহাবস্থান। শরীরের লোম খাড়া হয়ে যেত দু’দিকের বন্দুকধারীদের দেখে। ওই সময় ইন্টারনেট ছিল না। সারাদিন ঘুরে খবর সংগ্রহ করে সন্ধ্যায় ঘুরে আসতাম। তারপর শিলচর গিয়ে পত্রিকা অফিসে বসে খবর লিখে ক্যামেরার রিল কেটে ফটো দিয়ে ঝড়-বৃষ্টি-কুয়াশা-ভয়ঙ্কর অন্ধকার ভেদ করে বাড়ি ফিরে আসতাম। মাঝে মাঝে হকার না আসলে নিজে পত্রিকা বিলিও করতাম। তারপর বাঁশকান্দিতে আবুল বড়ভূঁইয়ার দোকানে বলে কয়ে একটা ফ্যাক্স ম্যাশিন আনালাম। ধীরে ধীরে ওই দোকানে ইমেলের ব্যবহার শুরু হলে ফটো পাঠানোর ব্যবস্থাও করা হল। ২০০৫ সালে দু’হাজার টাকা দিয়ে একটা মোবাইল সিম কিনলাম। একটা নোকিয়া ১১০০ মডেলের সেট পেলাম। ২০০৯ সালে সাংবাদিকতাই ছেড়ে দিলাম। ২০১২ সালে প্রান্তজ্যোতি নতুন করে যাত্রা শুরু করার পর সেখানে কিছুদিন ডেস্কে কাজ করেছি মাধব ভট্টাচার্য, সঞ্জয় রায়, অসীম দত্ত, অসীম আচার্যদের তত্ত্বাবধানে। যাতায়াতের অসুবিধা আর আয়-ব্যয়ের সামঞ্জস্য না থাকায় সেখানেও বেশিদিন কাজ করতে পারলাম না। কিন্তু সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবার নতুন করে নিজস্ব উদ্যোগে শুরু করেছি আরেক ধরণের সাংবাদিকতা। পরীক্ষা-নিরীক্ষার পর্যায় শেষ হলে তাকে বহু উপরে নিয়ে যেতে চাই।

 


বিক্রয় প্রতিনিধি হিসেবেও কাজ করেছি বেশ কিছু দিন। ইন্স্যুরেন্সে কাজ করার অভিজ্ঞতা আমাকে অনেক কিছু দিয়েছে। আমি খুব ভালো বিক্রেতা হতে পারিনি ঠিকই। কিন্তু রোজগার নেহাত কম করিনি। আর সবচেয়ে বড় প্রাপ্তি ছিল আমার ব্যক্তিত্বকে গড়ে তোলা। নানা প্রশিক্ষণ আমাকে অভ্যাসের জড়তা কাটিয়ে নিজেকে উপস্থাপন করা শিখিয়েছে। হ্যাঁ, কথার বা মেধার বাজারিকরণ আমার পক্ষে তেমন সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু কৈশোরের আঘাতের দগদগে ঘা সারাতে এই সব মানুষের সান্নিধ্য অনেক সাহায্য করেছিল। আনোয়ার, প্রদীপ সিংহ, দেবাশিষ চৌধুরি তাঁদের মধ্যে অগ্রণী। একটা ব্যাপার বড় মজার ছিল। আমি যখন সরকারি আধিকারিক বা প্রতিষ্ঠিত ব্যক্তির কাছে যেতাম কেমন যেন সব বাধা ডিঙিয়ে তাঁরা আমার একেবারে কাছে চলে আসতেন। কেউ একান্ত পারিবারিক বা ব্যক্তিগত ব্যাপারে মন খুলে কথা বলতে শুরু করে দিতেন। আবার কেউ প্রাচুর্যের ঘেরাটোপে নিজের নিঃসঙ্গতার ডায়েরি খুলে যেন আমার সামনে পড়ে শোনানো পছন্দও করতেন। ইন্স্যুরেন্স অ্যাডভাইজার থেকে ব্যক্তিগত পরামর্শদাতা বা আপনজন হয়ে যেতাম অনেকের। বোধ হয় অনেকের ক্ষেত্রেই এমন হয়, আর তাকেই কাজে লাগান তাঁরা। আমার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠেনি।

 

আরও অনেক কিছু করেছি জীবনে। সব কথা পাঠকের জন্যে নয়। তার মানে এই নয় যে এসব গোপনীয় ব্যাপার। লিখছি না এই কারণেই যে পাঠকের অন্তরের তন্ত্রীতে সুর তুলতে পারবে না এসব। লিখে রাখব অন্য কোথাও। আরেকটা ব্যাপার সুর তুলতে পারে, আমাদের মনে হাসি-কান্নাময় আনন্দের সঙ্গীত বাজাতে পারে। সেটা কিন্তু পেশা নয় – প্রেম। বেশিদিন বাঁচলে বুড়ো বয়েসে লেখব। তখন এসব কারো সোনার সংসারে হানা দিলেও হাস্যকর হবে, ঘর ভাঙবে না।

 

একটা ঘটনার কথা বলি। ২০১২ সালে আমাকে কেউ গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করত না, এমনকি বিয়ের কথাও না – সরাসরি জিজ্ঞেস করত ছেলেমেয়ে ক’টা। এমনি এক সময়ে দিসপুরের এক লজের রিসেপশনে কে একজন যেন হঠাৎ আমাকে ডাক দিল পেছন থেকে। ঘুরে দেখলাম বছর পঞ্চাশের জিন্স পেন্ট টি-শার্ট পরা এক অসমিয়া ভদ্রলোক। আমাকে ধমক দিয়ে জিজ্ঞেস করল, ‘বিয়ে করছ না কেন?’ অপরিচিত এই মানুষটিকে আমি গুরুত্ব না দেওয়ার চেষ্টা করলাম। সে আমাকে পাঁচটা কথা বলে উধাও হয়ে গেল। এর মধ্যে দুটি ছিল তখনকার অতীত বা বর্তমান – হুবহু মিলে গেল। তিনটি ভবিষ্যতের, তার মধ্যে দুটি মিলেই গেছে। রইল শুধু একটা। যা হিসেব করলে ২০২১ সালে হওয়ার কথা। আমি কিন্তু এসবে বিশ্বাস করি না। তবুও মনে একটা সুপ্ত প্রতীক্ষা রয়েছে সেই দিনটির। কোনও ভাবেই এই সম্ভাবনা দেখিনা, কারণ যা সম্ভাবনা ছিল সব করোনার আঘাতে দুমড়ে মুচড়ে পড়েছে। 


শনিবার, ৪ জুলাই, ২০২০

একটু নিজের কথাই বলি -- ২



একটু নিজের কথাই বলি – ২

আর দশটা শিশুর মত আমার ছাত্রজীবন শুরু হয়নি। আমার বাড়ির সদর দরজা আর বাঁশকান্দি এম ভি স্কুলের প্রবেশদ্বার ছিল একেবারেই মুখোমুখি। শুধু রাস্তাটাই পার হওয়া। তখন এটা জাতীয় সড়কও ছিল না, এখনকার গলির মত ছিল। সেই এত কাছের স্কুলে ভর্তি হলেও আমি সেখানে গিয়ে পড়তে পারিনি। আমার মা চাকরি করতেন। বাড়িতে আমার ছোট ভাইবোনের দেখাশোনা করা ছিল আমার দায়িত্ব। আগলে রাখা, দুপুরের খাবার খাওয়ানো ইত্যাদি। স্কুলে না গিয়েও আমার রোল নম্বর এক হয়ে যেত। এভাবে তৃতীয় শ্রেণীতে ওঠার পর বাড়িতে চিঠি এল আমার নাকি নাম কেটে দেওয়া হয়েছে। হেড পণ্ডিত নামর আলি বড়ভুঁইয়ার সামনে হাজির হলাম। অনুরোধ করলাম ভাই-বোনদের কথা বলে। কিন্তু তিনি জানিয়ে দিলেন, স্কুলে আসতেই হবে। সেই থেকেই স্কুল যাওয়া শুরু হল আমার। কিন্তু দুপুর হলেই ছুটে আসতাম বাড়িতে। একবার চিড়ে ভিজিয়ে রেখে গিয়েছিলেন মা। বাটির ঢাকনা খুলতেই কালো পিঁপড়ে আমার হাত মুখ সব ঘিরে ফেলল। কোনও ভাবেই এদের সরাতে পারছিলাম না। ভাই-বোন মুখ বেজার করে সেই দৃশ্য দেখছিল। রাগের মাথায় একটা বড় চামচ দুটুকরো করে ফেললাম। এর পর অনেক খুঁজে একজন কাজের মেয়ে পাওয়া গেল।

স্কুলের ছোট্ট মাঠে কাবাডি কোর্ট বানিয়েছিলাম আমরা। কিন্তু হাফ টাইমে সপ্তম শ্রেণীর ছাত্রীরা আমাদের মেরে সরিয়ে তারা খেলত। আমি, মইনুল, চয়ন, মাহমুদ, আমির হুসেন, আমির উদ্দিন, আক্তার মিলে ঠিক করলাম যেমন করেই হোক আমাদের কোর্টে এদের আর খেলতে দেওয়া যায় না। যেমন কথা তেমন কাজ। দায়িত্ব পেয়ে আমি কোদাল আনলাম বাড়ি থেকে। তারপর তছনছ হয়ে গেল কোর্টটি। হঠাৎ কে একজন একটা দারুণ বুদ্ধি দিল, ‘কিছু কাঁচ ফেলে দিলে কেমন হয়?’ তাই হল। পরদিন ধরাও পড়ে গেলাম। নীলমণি স্যার, ফজলু স্যার, মুক্তাদির স্যার, মইনুল স্যার মিলে হাত লাল করে ছাড়লেন। সব শুনে আব্বা শুধু বলেছিলেন, শাস্তি তো তোমার প্রাপ্য। আড়ালে গিয়ে মাকে বলেছিলেন, এক হাতে বিশটা করে বেত্রাঘাত বেশি হল না? মা বলেছিলেন, একটা শিক্ষা তো হল। আমারও মনে হয়েছিল কাজটা ভালো করিনি। কিন্তু আমার সঙ্গীরা বলত, আমাদের খেলার ব্যবস্থাটাও হল না, বেকার মার খেতে হল।

স্কুল আমার ভালোই লাগত। বাড়িতে কড়া শাসন ছিল। আমাদের বাড়ির মুখে একটা কাঁঠাল গাছ ছিল আমাদের লক্ষ্মণরেখা। এই গণ্ডির বাইরে যাওয়ার সাহস ছিল না আমাদের। আমার তো একটু বেশিই নিষেধ ছিল। বাবার সঙ্গে বাজার যাওয়া বা ছুটি পেলে আত্মীয়বাড়ি যাওয়া ছিল আমার বাইরে যাওয়া। এই কারণেই বোধ হয় স্কুলের প্রতি একটা টান ছিল। রবীন্দ্রনাথ কেন যে স্কুল পালাতেন তার কারণ আমি অনেক চেষ্টাতেও খুঁজে পেতাম না। ভাবতাম জানলা দিয়ে বাঁশকান্দি আনুয়ার জলের ঝিকিমিকি দেখার সুযোগ পেলে হয়ত তিনিও স্কুল পালিয়ে নদীতীরে গিয়ে বসতেন না।


এভাবেই কেটে গেল চতুর্থ শ্রেণী। বৃত্তি পরীক্ষা দিলাম শিলচরের কোন এক স্কুলে। মা আমাকে নিয়ে গেলেন রেহিমা আন্টির (বাবার মামাতো বোন) মধুরবন্দের ভাড়া বাড়িতে। তিনিও শিক্ষিকা ছিলেন। তাই আমার প্রস্তুতি হয়েছিল খুব। মাকে জিজ্ঞেস করেছিলাম, দোকানের সাইনবোর্ডে ‘লক্ষীপুর রোড’ কেন লিখা। জানলাম, এই পথেই নাকি বাদ্রিঘাট হয়ে লক্ষীপুর যাতায়াত ছিল। শহরের প্রাণকেন্দ্র নাকি এটাই ছিল। যাই হোক বসলাম পরীক্ষায়। গণিতে সব যেন গুলিয়ে ফেললাম। বৃত্তি পাওয়া আর হল না।

এম ভি স্কুল ছিল সপ্তম শ্রেণী পর্যন্ত। শিক্ষকদের আন্তরিকতাও ছিল। কিন্তু চতুর্থ শ্রেণীতে এক অজানা কারণে আমি পেছনে পড়ে যাই। পরে উত্তরপত্র পরীক্ষা করে আমার প্রথম স্থান বহাল হয়। বাঁশকান্দি নেনা মিয়া হাই স্কুলে (তখনকার) ভর্তি হলাম ক্লাস ফাইভে। দাদার হাত ধরে অনেক গল্প করতে করতে যাওয়া। দাদা এর আগে রামসুন্দর বালিকা বিদ্যালয়ে পড়েছিলেন, এছাড়াও তিনি তখন থেকেই মাঝে মাঝে বাজার খরচ করতেন। আমার থেকে তাঁর স্মার্টনেস বেশি ছিল। দাদা মস্তানদের থেকেও আমাকে বাঁচাতেন। আমি হাল্কা রোগা ছেলে ছিলাম। দাদা গোছের ছেলেরা আমাকে জ্বালাতন করত। আমি মুখ বুজে সহ্য করতাম। আস্তে আস্তে সব ঠিক হওয়া শুরু করল।

বড় মাঠ, সুন্দর ঘর, লিচু গাছ, আমগাছ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঝকঝকে চেহারার শিক্ষক-শিক্ষিকা সব মিলে আমার কাছে স্কুলটি প্রিয় হয়ে উঠল। তখনকার প্রধান শিক্ষক আব্দুল মতিন বড়ভুইয়া ছিলেন মার সম্পর্কিত মামা। শিক্ষকরা যেন শিক্ষকতার গণ্ডি ছাড়িয়ে কোনও একটা অভিযান চালাচ্ছেন মনে হত। কয়েকজন শিক্ষক যে খামখেয়ালি ছিলেন না তা নয়। শিক্ষক-শিক্ষিকারা আমাকে বিশেষ গুরুত্ব দিতেন, কারণ আমিও খুব বাধ্য ছাত্র ছিলাম। দুটি সেকশনেই আমাদের ব্যাচটির প্রায় সবাই মেধাবি ছাত্র-ছাত্রী হিসেবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সেই দলের সর্দার হয়ে গেলাম আমি। মানে আমাকে ক্যাপ্টেন করা হল। ষান্মাসিক পরীক্ষার আগে সহপাঠীদের উদ্বেগ দেখে কয়েকজনকে নিয়ে গেলাম প্রধান শিক্ষকের কাছে। বললাম, ‘আমরা খুব চিন্তিত। প্রশ্নগুলো যেন আমাদের পক্ষে কঠিন না হয়।’ মুচকি হাসার চেষ্টা করেও যেন পারলেন না তিনি, মুখটা হাঁ হয়ে গেল। রাশভারি একজন মানুষের পক্ষে এই হাসিটাও ছিল অট্টহাসির সমান।

অনেক সমস্যা সত্বেও পড়াশোনা থামেনি। মাঝে মাঝে মরে যাওয়ার ইচ্ছে হত। তারপর ভাবতাম আমার মা-বাবার জন্য আমাকে পড়তে হবে, প্রথম সারিতে থাকতে হবে। আব্বা আমাদের নিয়ে খুব পরিশ্রম করতেন, এই একটা কাজেই যেন তিনি আত্মনিয়োগ করলেন। প্রতিযোগিতা ছিল মুলত তিনজনের – শাহারুল, হায়দর (বর্তমানে এই স্কুলেই বিজ্ঞান শিক্ষক) ও আমার। শাহারুলের হস্তাক্ষর ছিল ঈর্ষনীয়। এ ছাড়াও নিলোফার (বর্তমানে এই স্কুলের লজিক শিক্ষিকা), শামিমা (অধ্যাপক আব্দুস সহিদ স্যারের মেয়ে), নাসমিন (স্কুলের অধ্যক্ষের মেয়ে), রনি, ইকবাল, ইসমত, মঞ্জুশ্রী, ইন্দিরা সহ অনেকেই। ক্লাসে বা স্কুল চত্বরে ছেলেদের সঙ্গে মেয়েদের মাখামাখি তো দূর, কথা বলা বা তাকানোও ছিল অসম্ভব। মেয়েরা স্কুলে আসত ঘোমটা দিয়ে, তার উপর আবার ছাতা দিয়ে মুখ ঢেকে। এরপরও কিছু বখাটে ছেলে ইভটিজিং করত, তবে আড়ালে তীর্যক মন্তব্য পর্যন্ত সীমিত ছিল তা। আমরা ষষ্ঠ শ্রেণিতে উঠতে উঠতে ছেলে-মেয়েদের চোখে চোখ রেখে কথা বলা যেন আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করল। কিছু নতুন সমস্যাও দেখা দিল। এভাবেই মাধ্যমিক পরীক্ষা এল। আমি, হায়দর আর নিলোফার প্রথম বিভাগে পাস করলাম। অনেকেই সামান্যের জন্য দ্বিতীয় বিভাগে পাস করল। এরই মধ্যে স্কুলটি উচ্চতর মাধ্যমিক হয়ে গেল। সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়ল। অনেকেই এই স্কুলেই থাকল।

তারপর আমার চোখ অপারেশন। দুবছর পড়া হল না। আর পড়াশোনা করার ইচ্ছে রইল না। দুবছর গ্যাপ দিয়ে ভর্তি হলাম নেনা মিয়া স্কুলেই। ক্লাস আর পাঠ্যপুস্তক ছাড়া অন্য প্রস্তুতি ছিল না। দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলাম। ইংরাজিতে মাত্র ৮৪ মার্কের উত্তর লিখে পেয়েছিলাম ৭০। আসলে সেও আব্বার অবদান। অষ্টম শ্রেণি পর্যন্ত আমাকে যে ইংরাজি ব্যাকরণ শিখিয়েছিলেন তার ফল এই। সুলতান স্যার ও ভারতী ম্যাডাম আমাকে শান দিয়ে ঠিক করলেন। ভর্তি হলাম কাছাড় কলেজে ইংরাজি সাম্মানিক নিয়ে। আবার নতুন পরিবেশ। ফাঁক পেলেই বসে যেত গানের আসর। পার্থ, সুব্রত, সিদ্ধার্থ, জয়দীপ, জন আরো অনেক। তারপর আড্ডা দিতে গিয়ে ক্লাস মিস। দোতলার ছাদে বসে জমিয়ে আড্ডা। পড়াশোনাও ছিল। একবার ছাত্র সংসদে সম্পাদক পদের জন্য নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। কিন্তু নির্বাচনটাই রদ হয়ে গেল। বাড়ি থেকে আসা যাওয়া করা সমস্যা। থাকলাম পঞ্চায়েত রোডে। সেখানেও পরিচয় আরো অনেকের সঙ্গে। আবার চোখ অপারেশন। আবার দুবছর গ্যাপ। এবার ভবঘুরে হয়ে গেলাম। পড়াশোনা আর করব না স্থির করলাম। ক্লাব, বিয়েবাড়ি, গানের আসর এসবে ব্যস্ত হয়ে পড়লাম। সাইকেলে চড়ে সোনাই, সোনাবাড়িঘাট, শিলচর চক্কর দেওয়া। মাঝে মাঝে লোন নিয়ে কী কী করার পরিকল্পনাও শুরু করে দিলাম।

আব্বা তখন ফ্রি কোচিং ওয়ার্কশপ চালাতেন। সেই সময় আমাদের বাড়িতে এলাকার শিক্ষানুরাগী মানুষের আড্ডা জমত। এই আড্ডার মধ্যমণি জাফরুল হাসান আমাকে একদিন খুব জোরালো ভাষায় বোঝালেন। আমি রাজি হলাম আবার পড়াশোনা শুরু করতে। সঞ্জয়, বাহার, মাহমুদ, কবির পয়লাপুল নেহরু কলেজ থেকে ফর্ম আনল। আমাকে শুধু সই করতে হল। তারপর আবার আরেক যাত্রা। কিছুতেই পড়াশোনায় মন বসে না। বন্ধুসংখ্যা কম রাখার আপ্রাণ চেষ্টা করলাম। এই সময় অধ্যাপক সুর্যকান্ত চক্রবর্তী, অ্যাকাউন্টেন্ট সুনির্মল নাথ, অধ্যাপক গণেশ দে, অধ্যাপক আবিদ রাজা মজুমদার চাইছিলেন শারদোৎসব আয়্যোজন হোক। বার বার চেষ্টা করেও হয়নি। আমরা এগিয়ে এলাম। নেহরু কলেজের ইতিহাসে এই প্রথম শারদোৎসব। আর লুকিয়ে থাকতে পারলাম না। দল বড় হয়ে গেল। বন্ধুদের অনুরোধে ভোটে লড়ে হারলাম। শুরু হয়ে গেল গান, আড্ডা, ঘোরাঘুরি। শ্যামলদার রেস্তোরাঁয় আড্ডা আর জয়পুর, হরিনগর, লাবক, জিরিঘাট, লক্ষীপুর চষে বেড়ানো। পাস করলাম দ্বিতীয় বিভাগে।

এবার আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হলাম। অনেক চেষ্টা করলাম ধারে কাছে একটা মেস বা ভাড়াঘর খুঁজে পাওয়ার। কিন্তু নাম বলতেই বাড়ির মালিক অরাজি হয়ে যেতেন। খবর পেলাম, পয়লাপুলের শিবু কানুনগোর একটা বাড়ি আছে আইরংমারায়। কিন্তু কেয়ারটেকার নাম জিজ্ঞেস করে জানালো ঘর খালি নেই। অপু, বলাই, সব্যসাচীরা খুব চেষ্টা করেও পারল না। অবশেষে রাঙ্গিরখাড়ি আর মেহেরপুরে ভাড়া ঘরে থেকে পড়াশোনা করলাম। যে ঘরে ভাড়া পেলাম না মুসলমান বলে সেই ঘরেই কিন্তু রাত জেগে আড্ডা, গান আর ঘুম চলত আমাদের। পড়াশোনা যাকে বলে তা কিন্তু আমার দ্বারা তখনও হয়ে উঠছিল না। ফলে রেজাল্ট তেমন হল না। তপোধীর স্যারের বকুনি খেতে হয়েছিল। একবার বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায় জয়শ্রী, অনির্বাণ, অনিরুদ্ধ, মণিদীপা, মনোজ, শতদল সহ এক বড় দল বিভিন্ন ক্ষেত্রে আসাম বিশ্ববিদ্যালয়ে বিজয়ী হয়ে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাই। ভারতের চারটি এলাকা ভিত্তিক প্রতিযোগিতার পূর্ব জোনের স্থল ছিল এই মেদিনীপুর। সেখানে জয়ী হয়ে দুজন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সুযোগ পেয়েছিল। বাকিরা ফিরে এলাম। কিন্তু সেই রেলসফর চিরদিন মনে থাকবে। আমাদের উৎপাতে যাত্রীরা পুরো একটা বগিই আমাদের ছেড়ে দিয়েছিলেন। এতটা হৈ হুল্লোড় করেছিলাম আমরা।

আর পড়াশোনা করব না ঠিক করলাম। একবার আইন পড়তে উদ্বুদ্ধ করল কবির আর আনোয়ার। তাদের সঙ্গে করিমগঞ্জ ল’ কলেজে ভর্তি হলাম। খরচ অনেক কম ছিল বলেই করিমগঞ্জ। সাহায্য করেছিলেন আব্দুল বাসিত স্যার। কিন্তু সে বছর পরীক্ষায় বসা আর হল না। কলেজে কাজ করার সময় মোরাদ আহমেদ লস্করের চাপে সমাজতত্ত্ব পড়তে ভর্তি হলাম কানপুরের ছত্রপতি সাহু জি মহারাজ বিশ্ববিদ্যালয়ে। পাস করলাম প্রথম বিভাগে। স্কুল পরিচালনা করতে গিয়ে আবার পড়তে হল ডিএলএড। কিছুদিন ধ্রুপদী সঙ্গীতও শিখেছিলাম।

আমি এখনও ছাত্র। কাজ করতে গিয়ে ছোট বড় অনেকের কাছেই শিখি বাধ্য ছাত্রের মতই। আর যত শিখি মনে হয় আমি তো আরো ছোট ছাত্র হয়ে গেছি। এ জীবনে আর জানা হল না, শেখা হল না; হবেও না। নিজেকে তথ্যের ভাণ্ডার বা জিকে বুক বানানোর চেষ্টা করি না। কিন্তু জ্ঞানের সার সত্যটা বুঝে না গেলে জীবনটাই ব্যর্থ হয়ে যাবে – এই ভয় আমাকে কুরে কুরে খায়। এই বিশ্বজগত কি সত্যিই অসীম? সীমাহীন বলে কি কিছু থাকে? অনাদি অনন্ত সময়—সেও কি সম্ভব? ঈশ্বর বলে কেউ আছে যাকে আমরা কল্পনা করি আমাদের মত? তিনি কি আমাদের ডাক শোনেন, না স্টিফেন হকিং এর শরীরে বসানো যন্ত্রের মত আমদের মগজের সঙ্কেত বোঝেন? তিনি কি সত্যিই আমাদের মন্ত্রের ভাষা বোঝেন, না কোনও ভাষার দরকারই নেই তাঁর? তাঁর কি দূত পাঠানোর দরকার আছে? তাঁর কি কোনও আলাদা অস্তিত্ব আছে, না তিনিই সব? এসব প্রশ্নের উত্তর কোন বই পড়ে জানব? বাজারের সব বিক্রেতাই তো বলে, ‘আমারটাই ভালো।’

০৩ জুন, ২০২০